মুন্সীগঞ্জের কাছে লঞ্চে মুমূর্ষু যাত্রীকে জরুরি চিকিৎসাসেবা ও স্থানান্তর করল কোস্ট গার্ড
স্টাফ রিপোর্টার
জরুরি হটলাইন ‘১৬১১১’-এ পাওয়া ফোনকলের ভিত্তিতে ঢাকাগামী এক যাত্রীবাহী লঞ্চের মারাত্মক অসুস্থ যাত্রীকে জরুরি চিকিৎসাসেবা প্রদান এবং উন্নত চিকিৎসার জন্য স্থানান্তরের ব্যবস্থা করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
শুক্রবার রাতে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই উদ্ধার অভিযানের তথ্য নিশ্চিত করেন।
কোস্ট গার্ড সূত্রে জানা যায়, ভোলা থেকে ছেড়ে আসা ঢাকাগামী যাত্রীবাহী লঞ্চ ‘এমভি কর্ণফুলী-১৩’ মুন্সীগঞ্জ লঞ্চ টার্মিনাল সংলগ্ন এলাকায় পৌঁছালে এক যাত্রী আকস্মিকভাবে তীব্র শ্বাসকষ্টে ভোগেন। পরিস্থিতি আশঙ্কাজনক দেখে লঞ্চের এক সহযাত্রী সাথে সাথেই কোস্ট গার্ডের জরুরি হেল্পলাইন ১৬১১১-এ ফোন করে জরুরি চিকিৎসার আবেদন জানান।
সংবাদ পাওয়ার সাথে সাথেই কোস্ট গার্ড স্টেশন পাগলা থেকে অক্সিজেন সিলিন্ডারসহ একটি বিশেষ মেডিকেল টিম দ্রুত মাঝনদীতে গিয়ে লঞ্চটিকে থামায় এবং অসুস্থ যাত্রীকে প্রাথমিক ও জরুরি চিকিৎসাসেবা প্রদান করে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল করে।
প্রাথমিক চিকিৎসা শেষে কোস্ট গার্ড সদস্যরা তাঁদের সেবা বোটের মাধ্যমে রোগীকে ঢাকার সদরঘাট লঞ্চ টার্মিনালে নিয়ে আসেন। পরবর্তীতে কোস্ট গার্ডের সার্বিক তত্ত্বাবধানে একটি নিজস্ব অ্যাম্বুলেন্সযোগে ওই যাত্রীকে উন্নত চিকিৎসার জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালে পাঠানো হয়।
দেশের জলপথে জননিরাপত্তা রক্ষা ও মানবিক সেবা প্রদানে কোস্ট গার্ডের এ ধরনের তৎপরতা অব্যাহত থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

