ভোলায় তেঁতুলিয়া নদীতে অবৈধ বালি উত্তোলনের দায়ে ড্রেজার ও বাল্কহেডসহ আটক ৭, ১ লাখ টাকা জরিমানা
ভোলা প্রতিনিধি
ভোলার বোরহানউদ্দিন উপজেলায় তেঁতুলিয়া নদীতে অবৈধভাবে বালি উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে একটি ড্রেজার ও একটি বাল্কহেডসহ সাতজনকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
শুক্রবার সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল আনুমানিক ১০টার দিকে কোস্ট গার্ড বেস ভোলার একটি চৌকস দল তেঁতুলিয়া নদী সংলগ্ন হাসের চর এলাকায় এক বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানকালে নদী থেকে অবৈধভাবে বালি উত্তোলনরত অবস্থায় সাতজনকে হাতেনাতে আটক করা হয়।
অভিযান শেষে ঘটনাস্থলেই একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। আদালত আটককৃত ব্যক্তিদের ১ লাখ টাকা জরিমানা অনাদায়ে দণ্ড প্রদান করেন, যা তাৎক্ষণিকভাবে রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হয়। পরবর্তীতে ভবিষ্যতে আর কখনো অবৈধ বালি উত্তোলনের সাথে জড়িত হবেন না মর্মে মুচলেকা নিয়ে আটককৃতদের মুক্তি দেওয়া হয়।
জব্দকৃত ড্রেজার ও বাল্কহেডটি কোস্ট গার্ডের জিম্মায় রাখা হয়েছে। সরকারি নির্দেশনামোতাবেক আগামী ১৫ কার্যদিবসের মধ্যে এগুলো প্রকাশ্য নিলামে বিক্রি করে প্রাপ্ত অর্থ সরকারি কোষাগারে জমা প্রদান করা হবে।
নদীভাঙন থেকে উপকূলীয় নদীতীরবর্তী কৃষি জমি ও বসতবাড়ি রক্ষায় অবৈধ বালি উত্তোলনকারীদের বিরুদ্ধে কোস্ট গার্ডের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

