ডার্ক মোড
Friday, 17 July 2026
ePaper   
Logo
বরগুনায় যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই শহীদ দিবস’ পালিত

বরগুনায় যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই শহীদ দিবস’ পালিত

বরগুনা সদর প্রতিনিধি

গভীর শ্রদ্ধা, ভাবগাম্ভীর্য এবং নানা কর্মসূচির মধ্য দিয়ে আজ বৃহস্পতিবার বরগুনায় ঐতিহাসিক ‘জুলাই শহীদ দিবস’ পালিত হয়েছে। সকালের দিকে বরগুনা সার্কিট হাউস প্রাঙ্গণে অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়。

শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রথম পুষ্পস্তবক অর্পণ করেন বরগুনার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট তাসলিমা আকতার।

এরপর ক্রমান্বয়ে পুলিশ সুপার কুদরাত-ই-খুদা, সিভিল সার্জন ড. আবুল ফাত্তাহ, জেলা পরিষদ প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম মোল্লা, পিপি নুরুল আমিন, জেলা বিএনপির সদস্য সচিব হুমায়ুন হাসান শাহীন, সাবেক সহ-সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা সালেহ ফারুক, বিএনপি নেতা এডভোকেট ওয়াসি মতিন এবং বরগুনা প্রেস ক্লাবের সভাপতি হাফিজুর রহমান পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় প্রেস ক্লাবের প্রাক্তন সভাপতি ও জ্যেষ্ঠ সাংবাদিক মনির হোসেন কামালসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক কর্মী ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন。

শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অনিমেষ বিশ্বাস, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সজল চন্দ্র শীল, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক রথীন্দ্রনাথ বিশ্বাস, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক, জেলা মৎস্য কর্মকর্তা, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীসহ বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। পুষ্পস্তবক অর্পণ শেষে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে কিছুক্ষণ নীরবতা পালন করা হয় এবং তাঁদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।

পরবর্তীতে সকাল ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ে এক স্মরণ সভা অনুষ্ঠিত হয়। সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় সংসদের চিফ হুইপ ও বরগুনা-২ আসনের চারবারের সংসদ সদস্য আলহাজ্ব নুরুল ইসলাম মনি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ প্রশাসক নজরুল ইসলাম মোল্লা এবং টেলিফোনে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন বরগুনা-১ আসনের সংসদ সদস্য অলিউল্লাহ।

আলোচনা সভায় বক্তারা বলেন, ২০২৪ সালের ১৬ জুলাই কোটা সংস্কার আন্দোলন চলাকালে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদের সর্বোচ্চ আত্মত্যাগ দেশের গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসে এক যুগান্তকারী অধ্যায়ের সূচনা করেছিল। তাঁর শাহাদাত দেশব্যাপী তীব্র বিক্ষোভের জন্ম দেয়, যা পরবর্তীতে গণঅভ্যুত্থানে রূপ নেয়। সেই মহান আত্মত্যাগকে স্মরণীয় করে রাখতেই বর্তমান সরকার ১৬ জুলাই দিনটিকে রাষ্ট্রীয়ভাবে ‘জুলাই শহীদ দিবস’ হিসেবে ঘোষণা করেছে।

বরগুনার জেলা প্রশাসক তাসলিমা আকতার জেলার সকল শিক্ষাপ্রতিষ্ঠানকে দিবসটি উপলক্ষে বিশেষ আলোচনা সভার আয়োজন করার নির্দেশ দেন। পাশাপাশি তিনি জেলার সকল মাদ্রাসাকে সুবিধাজনক সময়ে জুলাই অভ্যুত্থানের শহীদদের স্মরণে বিশেষ মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করার আহ্বান জানান।

বক্তারা পরিশেষে শহীদদের ত্যাগের চেতনাকে ধারণ করে সমাজে গণতন্ত্র, ন্যায়বিচার ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন