পিরোজপুরে মাদকবিরোধী মা সমাবেশ অনুষ্ঠিত
জুবায়ের, পিরোজপুর
মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধি এবং মাদকদ্রব্যের অপব্যবহারের বিরুদ্ধে চলমান সামাজিক আন্দোলনকে বেগবান করার লক্ষ্যে আজ বৃহস্পতিবার সকালে পিরোজপুর শিশু একাডেমি মিলনায়তনে এক মাদকবিরোধী মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
এই সমাবেশে পিরোজপুর শহরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং তাঁদের মায়েরা অংশ নেন।
পিরোজপুর জেলা প্রশাসনের সহযোগিতায় ‘মাদক প্রতিরোধে সামাজিক উদ্যোগ’ নামের সংগঠন এই সমাবেশের আয়োজন করে। সংগঠনের সদস্য অধ্যক্ষ হোসনে আরা জেসমিনের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পিরোজপুর অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও সংগঠনের যুগ্ম আহ্বায়ক সার্জেন্ট (অব.) মো. হাবিবুর রহমান। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইশরাত জাহান।
বিশেষ অতিথি ও আলোচক হিসেবে বক্তব্য রাখেন জ্যেষ্ঠ সাংবাদিক ও সংগঠনের আহ্বায়ক মো. মনিরুজ্জামান নাসিম আলী, প্রধান সমন্বয়ক অধ্যাপক মো. শাহ আলম, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা জিয়া উদ্দিন, প্রভাষক মো. লুৎফর রহমান এবং মহিলা পরিষদ জেলা শাখার সভাপতি খালেদা আক্তার হেনা।
বিভিন্ন পেশাজীবী সংগঠনের প্রতিনিধি হিসেবে আরও বক্তব্য রাখেন সুজন (সুশাসনের জন্য নাগরিক) জেলা শাখার সহ-সভাপতি ফিরোজ খান ও আফজাল হোসেন বাবলু, উদীচী শিল্পীগোষ্ঠী জেলা শাখার সভাপতি ও সাংবাদিক খালিদ আবু, পিরোজপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সহ-সভাপতি মেহেদী হাসান, অ্যাপেক্স ক্লাবের সাধারণ সম্পাদক মো. মাহতাব উদ্দিন রিপন, পজিটিভ পিরোজপুরের সাধারণ সম্পাদক ও সাংবাদিক জুবায়ের আল মামুন, জাতীয় সাংবাদিক সংস্থা জেলা শাখার সভাপতি হাসান মামুন, সমাজকর্মী জাহিদ রহমান এবং সাংবাদিক অমিত বিশ্বাস।
সমাবেশে বক্তারা বলেন, মাদকাসক্তি সমাজের জন্য, বিশেষ করে তরুণ প্রজন্মের জন্য একটি বিপর্যয়কর হুমকি। মাদকের বিস্তার রোধে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক সংগঠন, জনপ্রতিনিধি এবং প্রশাসনের সমন্বিত প্রয়াস অপরিহার্য। বক্তারা মায়েদের উদ্দেশ্যে তাঁদের সন্তানদের চলাফেরা, বন্ধুমহল এবং দৈনন্দিন রুটিনের ওপর নিবিড় নজরদারি রাখার আহ্বান জানান।
তাঁরা জেলা প্রশাসন কর্তৃক গৃহীত মাদকবিরোধী সামাজিক আন্দোলনকে টেকসই করতে সর্বস্তরের জনগণের সক্রিয় অংশগ্রহণের ওপর জোর দেন। পিরোজপুরকে একটি মাদকমুক্ত জেলা হিসেবে গড়ে তুলতে সচেতনতা বৃদ্ধির মাধ্যমে সুদৃঢ় সামাজিক প্রতিরোধ গড়ে তোলার ব্যাপারে সমাবেশে অংশ নেওয়া সকলে একমত পোষণ করেন।
সমাবেশ শেষে সংগঠনের মাসিক কার্যনির্বাহী সভা অনুষ্ঠিত হয়। সভায় সর্বস্তরের নাগরিকদের সহযোগিতা কামনা করে জেলাজুড়ে মাদকবিরোধী প্রচারণাকে আরও বিস্তৃত করতে বেশ কিছু কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়।

