জুলাই আন্দোলনের মূল লক্ষ্য ছিল বৈষম্যহীন গণতান্ত্রিক রাষ্ট্র গঠন: প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম
খাগড়াছড়ি প্রতিনিধি
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, জুলাই আন্দোলনের কৃতিত্ব কোনো একক ব্যক্তি বা রাজনৈতিক দলের নয়, বরং এটি দেশের গণতন্ত্রকামী আপামর জনসাধারণের দীর্ঘ সংগ্রামের সম্মিলিত ফসল।
আজ বৃহস্পতিবার "জুলাই শহীদ দিবস ২০২৬" উপলক্ষে খাগড়াছড়ি জেলা প্রশাসকের কার্যালয়ে দিবসের তাৎপর্য নিয়ে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী জোর দিয়ে বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে শেখ হাসিনার ফ্যাসিবাদী শাসনামলে যে হৃদয়বিদারক ঘটনাগুলো ঘটেছিল, বাংলাদেশের মানুষ আর কখনোই তার পুনরাবৃত্তি দেখতে চায় না। এটি নিশ্চিত করার দায়িত্ব দেশের সকল রাজনৈতিক শক্তির।
জুলাই আন্দোলনের প্রেক্ষাপট তুলে ধরে প্রতিমন্ত্রী উল্লেখ করেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থান হুট করে তৈরি হয়নি; বরং বছরের পর বছর ধরে চলা স্বৈরাচারী শাসন, গণতন্ত্রের অনুপস্থিতি, নিপীড়ন, গুম, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড এবং মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে সঞ্চিত জনরোষের এক বিস্ফোরণ ছিল এটি।
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি-২৯৮ আসনের সংসদ সদস্য আবদুল ওয়াদুদ ভূঁইয়া। খাগড়াছড়ির জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাতের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. মর্তুজা আলী খান, সিভিল সার্জন ড. রতন খীসা, জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি প্রবীণ চন্দ্র চাকমা, সাধারণ সম্পাদক এম এন আবসার, জেলা যুবদলের সভাপতি মাহবুব আলম সবুজ, ইসলামী আন্দোলন বাংলাদেশ জেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মাওলানা কাওসার আজীজি, এনসিপি জেলা শাখার আহ্বায়ক মো. নুরুল আলম এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আব্দুল মান্নানসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

