ডার্ক মোড
Saturday, 18 July 2026
ePaper   
Logo
ফরিদপুরে নিখোঁজের দুই দিন পর পাটক্ষেত থেকে ব্যবসায়ীর লাশ উদ্ধার

ফরিদপুরে নিখোঁজের দুই দিন পর পাটক্ষেত থেকে ব্যবসায়ীর লাশ উদ্ধার

মাহবুব পিয়াল, ফরিদপুর

ফরিদপুর সদর উপজেলার চর-মাধবদিয়া ইউনিয়নের মোমিন খার হাট এলাকার বিশিষ্ট ব্যবসায়ী ইউসুফ ফকিরের (৪৫) নিখোঁজ হওয়ার দুই দিন পর একটি পাটক্ষেত থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়েছে।

আজ শনিবার সকালে মোমিন খার হাট সংলগ্ন একটি পাটক্ষেতে হাত-পা বাঁধা অবস্থায় স্থানীয়রা তাঁকে পড়ে থাকতে দেখেন। পরে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। ইউসুফ ফকির ওই এলাকার মৃত সাহির উদ্দিনের ছেলে এবং মোমিন খার হাটের একজন সুপরিচিত ব্যবসায়ী ছিলেন।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেলে মোমিন খার হাট স্কুল মাঠের পাশে নিজের বাড়ির সামনে অটোরিকশা থেকে নামার পর নিখোঁজ হন ইউসুফ। এরপর পরিবারের সদস্যরা সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও তাঁর কোনো সন্ধান পাননি।

আজ শনিবার সকালে মজিবর সিকদার নামে স্থানীয় এক কৃষক নিজের পাটক্ষেতে কাজ করতে গিয়ে ইউসুফকে হাত-পা বাঁধা অবচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে পরিবারের সদস্যরা স্থানীয়দের সহায়তায় তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যান, যেখানে চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

নিহতের পরিবার জানায়, গতকাল শুক্রবার অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি ইউসুফের বড় ভাই গিয়াসউদ্দিনের মোবাইলে কল করে ৩০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে। পরিবার সেই টাকা দিতে রাজি হলেও পরবর্তীতে ওই কলারের সাথে আর যোগাযোগ করা সম্ভব হয়নি।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন