নীলফামারীর জলঢাকা টেংগনমারী বাজারে ট্রাফিক পুলিশ বক্স উদ্বোধন-
নীলফামারী সংবাদদাতা
নীলফামারীর জলঢাকা উপজেলার টেংগনমারী বাজারে যানজট নিয়ন্ত্রণ, সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং জনসাধারণের নিরাপদ চলাচল নিশ্চিত করতে নতুন ট্রাফিক পুলিশ বক্সের উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (১৭ জুলাই) দুপুর আড়াইটায় টেংগনমারী দোকান মালিক ব্যবসায়ী সমিতির আয়োজনে ট্রাফিক পুলিশ বক্সের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে টেংগনমারী দোকান মালিক ব্যবসায়ী সমিতির সভাপতি ওছিয়ার রহমান সভাপতিত্বে সমিতির সাধারণ সম্পাদক রবিউল ইসলাম অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জলঢাকা থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল আলম।
প্রধান অতিথির বক্তব্যে ওসি নাজমুল আলম বলেন, "সাধারণত মফস্বল এলাকার একটি থানায় দ্বিতীয় কোনো ট্রাফিক পুলিশ বক্স বা অতিরিক্ত ট্রাফিক পুলিশ দেওয়া হয় না। অনেক প্রচেষ্টার মাধ্যমে টেংগনমারীতে ট্রাফিক পুলিশ আনার ব্যবস্থা করা হয়েছে। এখন এলাকাবাসী ও ব্যবসায়ীরা আন্তরিকভাবে সহযোগিতা করলে ট্রাফিক পুলিশ সুষ্ঠুভাবে তাদের দায়িত্ব পালন করতে পারবে এবং বাজার এলাকায় যানজট ও বিশৃঙ্খলা অনেকাংশে কমে আসবে।"
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জলঢাকা উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও প্রেসক্লাব জলঢাকার
সভাপতি আলহাজ কামারুজ্জামান, ইউনিয়ন জামায়াতের আমির মনোয়ার হোসেন বাবু এবং টেংগনমারী দোকান মালিক ব্যবসায়ী সমিতির সহসভাপতি রবিউল ইসলাম।
অনুষ্ঠানে স্থানীয় ব্যবসায়ী, গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। ট্রাফিক পুলিশ বক্স চালুর ফলে টেংগনমারী বাজারে যানবাহন চলাচলে শৃঙ্খলা ফিরবে এবং পথচারীদের নিরাপত্তা আরও জোরদার হবে বলে আশা প্রকাশ করেন উপস্থিত বক্তারা।

