ডার্ক মোড
Saturday, 18 July 2026
ePaper   
Logo
বৈরী আবহাওয়ায় জেলে ও নৌযান মালিকদের বিশেষ সতর্কবার্তা দিল কোস্ট গার্ড

বৈরী আবহাওয়ায় জেলে ও নৌযান মালিকদের বিশেষ সতর্কবার্তা দিল কোস্ট গার্ড

নিজস্ব প্রতিবেদক

চলমান বৈরী আবহাওয়ার কারণে উপকূলীয় সকল জেলে, ট্রলার মালিক এবং বোট অপারেটরদের সমুদ্রে না যাওয়ার আহ্বান জানিয়ে বিশেষ সতর্কবার্তা জারি করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

আজ শনিবার সকালে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আল আজম সুজন এ তথ্য নিশ্চিত করেছেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশের উপকূলীয় ও সামুদ্রিক অঞ্চলে জননিরাপত্তা নিশ্চিতকরণ, দুর্যোগ ব্যবস্থাপনা এবং উদ্ধার অভিযান পরিচালনার জন্য বাংলাদেশ কোস্ট গার্ড সর্বদা প্রস্তুত রয়েছে।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর উপকূলীয় এলাকায় ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি করায় সমুদ্রে ট্রলার, মাছ ধরার নৌকা এবং অন্যান্য নৌযান চলাচল অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। এই পরিস্থিতির আলোকেই কোস্ট গার্ড অনুরোধ জানিয়েছে যে, আবহাওয়া অধিদপ্তরের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মাছ ধরা বা অন্য কোনো উদ্দেশ্যে কোনো ট্রলার বা নৌকা যেন সমুদ্রে যাত্রা না করে।

কোস্ট গার্ড আরও অনুরোধ করেছে যে, বর্তমানে সমুদ্রে অবস্থানরত সকল ট্রলার, মাছ ধরার নৌকা এবং অন্যান্য নৌযান যেন অবিলম্বে নিরাপদ আশ্রয়ে ফিরে আসে। বিশেষ করে সকল নৌযান ও ট্রলার মালিকদের তাঁদের কর্মী ও নৌযানের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে।

জননিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোন সার্বক্ষণিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং উচ্চ সতর্ক অবস্থায় রয়েছে। যেকোনো জরুরি প্রয়োজনে বা সমুদ্রে ঘটে যাওয়া যেকোনো দুর্ঘটনার তথ্য জানাতে বাংলাদেশ কোস্ট গার্ডের জরুরি সেবা নম্বর ১৬১১১-এ যোগাযোগ করার জন্য জনসাধারণের প্রতি আহ্বান জানানো হয়েছে।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন