ডার্ক মোড
Saturday, 04 July 2026
ePaper   
Logo
প্রাথমিক শিক্ষার্থীদের মেধা বিকাশে জাতীয় টেলিভিশনে সম্প্রচারের উদ্যোগ: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

প্রাথমিক শিক্ষার্থীদের মেধা বিকাশে জাতীয় টেলিভিশনে সম্প্রচারের উদ্যোগ: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

স্টাফ রিপোর্টার

ঢাকা: দেশের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে অসাধারণ মেধা ও প্রতিভা লুকিয়ে রয়েছে উল্লেখ করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ মঙ্গলবার বলেছেন, শিক্ষার্থীদের গান, নাচ, আবৃত্তি, গল্পবলা এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডের এই সৃজনশীলতাকে জাতীয় পর্যায়ে তুলে ধরতে সরকার কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে। আগামী বছর থেকে আকর্ষণীয় পুরস্কার প্রবর্তনের পাশাপাশি জাতীয় টেলিভিশনে এই প্রতিভা অন্বেষণ কর্মসূচি সম্প্রচারের উদ্যোগ নেওয়া হবে।

ঢাকার মিরপুরে অবস্থিত প্রাইমারি ট্রেনিং ইনস্টিটিউট (পিটিআই) মিলনায়তনে আয়োজিত ‘প্রাথমিক শিক্ষা পদক-২০২৬’ (ক্রীড়া, সংস্কৃতি, বিষয়ভিত্তিক কুইজ ও কাব স্কাউটিং) এর ঢাকা বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এই কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, "সীমিত সুযোগ-সুবিধা সত্ত্বেও আমাদের ছোট্ট সোনামণিরা আজ অত্যন্ত চমৎকার পারফরম্যান্স প্রদর্শন করেছে। তাদের আত্মবিশ্বাস ও সহজাত প্রতিভা আমাকে গভীরভাবে মুগ্ধ করেছে। আগামী দিনগুলোতে আরও সুসংগঠিত আয়োজনের মাধ্যমে আমরা তাদের এই সেরা প্রতিভা পুরো দেশের সামনে তুলে ধরতে চাই।"

আগামী বছর থেকে এই ধরনের প্রতিযোগিতা আরও বড় পরিসরে আয়োজনের ঘোষণা দিয়ে ববি হাজ্জাজ জানান, ভবিষ্যৎ আয়োজনগুলো টেলিভিশনে সম্প্রচার করা হবে—যাতে দেশের মানুষ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতিভা উপভোগ করতে ও মূল্যায়ন করতে পারেন। এর পাশাপাশি পুরস্কারের পরিধিও আরও বাড়ানো হবে।

শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে উদ্বুদ্ধ করতে প্রতিমন্ত্রী একটি নতুন প্রণোদনা কাঠামোর ঘোষণা দেন। তিনি উল্লেখ করেন, এখন থেকে কোনো শিক্ষার্থী বড় ধরনের পুরস্কার জয় করলে, ওই শিক্ষার্থীর ব্যক্তিগত পুরস্কারের পাশাপাশি তার নিজ বিদ্যালয়ের জন্যও বিশেষ আর্থিক অনুদান মঞ্জুর করা হবে।

অনুষ্ঠান শেষে বিভিন্ন ক্যাটাগরিতে বিভাগীয় পর্যায়ে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন প্রতিমন্ত্রী।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন