প্রাথমিক শিক্ষায় প্লে-ল্যাব ও স্টেম (STEM) শিক্ষার প্রবর্তন করা হচ্ছে: ববি হাজ্জাজ
নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশের ভবিষ্যতের জন্য বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও গণিত অর্থাৎ স্টেম (STEM) শিক্ষা অপরিহার্য বলে জোর দিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। তিনি ঘোষণা করেছেন যে, প্রাথমিক স্তর থেকেই উদ্ভাবনী চিন্তাভাবনা ও বৈজ্ঞানিক মানসিকতার একটি শক্তিশালী ভিত্তি তৈরি করতে সরকার খেলাধুলার মাধ্যমে শিক্ষা (প্লে-বেসড লার্নিং) এবং প্রাথমিক পর্যায় থেকেই বিজ্ঞানের সাথে পরিচয় করিয়ে দেওয়ার বিষয়টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেবে।
আজ সোমবার (১৩ জুলাই) ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে ব্র্যাক (BRAC) এবং লেগো ফাউন্ডেশন (LEGO Foundation) যৌথভাবে আয়োজিত ‘সাসটেইনিং প্লে, লার্নিং অ্যান্ড স্কিলস ইন হিউম্যানিটারিয়ান কনটেক্সট’ (স্প্ল্যাশ-SPLASH) নামক কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এই মন্তব্য করেন।
প্রচলিত মুখস্থ নির্ভর পড়াশোনা থেকে সরে আসার ঘোষণা দিয়ে ববি হাজ্জাজ বলেন, সরকার প্রাথমিক স্তর থেকেই স্টেম শিক্ষার সমন্বয় ঘটিয়ে শিক্ষার্থীদের মন থেকে ‘গণিত ভীতি’ দূর করতে চায়, যাতে একটি বিজ্ঞানমনস্ক প্রজন্ম গড়ে তোলা সম্ভব হয়। তিনি উল্লেখ করেন, বর্তমানে উচ্চ মাধ্যমিক শিক্ষায় মাত্র ২০ শতাংশ শিক্ষার্থী বিজ্ঞান বিভাগ বেছে নেয়, যা একটি জ্ঞানভিত্তিক ও প্রযুক্তি-চালিত জাতি গঠনের জন্য একেবারেই যথেষ্ট নয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, ব্র্যাক ও বিভিন্ন বেসরকারি সংস্থার প্রতিনিধিবৃন্দ এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

