জামায়াত-এনসিপি নন-ইস্যুকে ইস্যু করে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে চায় -খায়রুল কবির খোকন
স্টাফ রিপোর্টার,নরসিংদী:
বিএনপি’র যুগ্ম মহাসচিব ও নরসিংদী-১ সদর আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন বলেন, জুলাই- আগস্টের অভ্যুত্থান কোনো একক ব্যক্তি, গোষ্ঠী, কোনো দলের নয়, এটি এ দেশের সকল শ্রেনী- পেশার মানুষের আন্দোলনের ফসল। কিন্তু জামায়াত- এনসিপি জুলাই সনদের কথা বলে নন-ইস্যুকে ইস্যু করে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে চায়। যার কারণে তারা বলে যে 'আমাকে মারো,' মারলে তারা সিম্প্যাথি পাবে, এই জন্য তারা অশ্লীল ভাষায় আমাদের প্রধানমন্ত্রীকে শুরু করে আমাদের নেতৃবৃন্দের বিরুদ্ধে, বিএনপির বিরুদ্ধে তারা এগুলা বিষোদগার করার চেষ্টা করছে।
এসময় তিনি আওয়ামীলীগের উদাহরণ টেনে বলেন, যে একটা সময় আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের চেতনার কথা বলত, এই চেতনার কথা বলতে বলতে আজকে তারা শুধু বাংলাদেশেই পতন হয় নাই, তাদের দিল্লিতে গিয়ে কবর হয়েছে। এই দল আর ১০০ বছরেও বাংলাদেশে ফিরে আসার কোনো সুযোগ নাই।
তিনি আজ শুক্রবার (৭ আগস্ট) নরসিংদী জেলা বিএনপি’র আয়োজিত শিশু একাডেমীতে জুলাই অভ্যুত্থানে শহীদ পরিবার ও আহতদের মাঝে অনুদান প্রদান এবং আলোচনা সভায় উপস্থিত থেকে এসব কথা বলেন।
এসময় আলোচনা সভায় উপস্থিত ছিলেন, নরসিংদী জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ও নরসিংদী-৩ শিবপুর আসনের সংসদ সদস্য মন্জুর এলাহী, নরসিংদী- ৫ রায়পুরা আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দীন বকুল, জেলা বিএনপি’র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন মাষ্টার, ভিপি জলিল, একেএম গোলাম কবির কামাল, হারুন অর রশিদ, খবিরুল ইসলাম বাবু, দ্বীন মোহাম্মদ দিপু, মহসিন হোসাইন বিদ্যুৎ, সিদ্দিকুর রহমান নাহিদ ও জুলাই আন্দোলনে শহীদের পরিবারের সদস্য ও আহতরা।
আলোচনা সভা শেষে, জুলাই আন্দোলেন শহীদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয় এবং শহীদদের পরিবারের সদস্য ও আহতদের হাতে নগদ আর্থিক অনুদান প্রদান করা হয়।

