সর্বস্তরে দলীয়করণ দেশের জন্য মারাত্মক পরিস্থিতি তৈরি করেছে বর্তমান সরকার -মিয়া গোলাম পরওয়ার
নীলফামারী সংবাদদাতা: সর্বস্তরে দলীয়করণ দেশের জন্য মারাত্মক পরিস্থিতি তৈরি করেছে বর্তমান সরকার। সরকারি বিভিন্ন দপ্তরে অন্তত ১১টি পদে বিএনপি, যুবদল ও ছাত্রদলের লোক নিয়োগ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার রংপুর -দিনাজপুর অঞ্চলের তিন দিনব্যাপী আঞ্চলিক শিক্ষা শিবিরে আগমন উপলক্ষে সৈয়দপুর বিমানবন্দরে আগত সাংবাদিকদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় সেক্রেটারী জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।
গণভোটের রায় নিয়ে সরকারের অবস্থানের সমালোচনা করে মিয়া গোলাম পরওয়ার বলেন, প্রধানমন্ত্রী নিজেই গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়েছিলেন, যার রেকর্ড বিভিন্ন গণমাধ্যমে রয়েছে। একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হয়েছে। জনগণ ধানের শীষে ভোট দিয়েছে, সেই ভোটের ফল মেনে সরকার গঠন করা হয়েছে। কিন্তু গণভোটের রায় মানতে সরকার আপত্তি করছে।
মিয়া গোলাম পরওয়ার প্রশ্ন তোলেন, ‘মানুষের সঙ্গে কী রকম দ্বিচারিতা হলে একই বিষয়ে একেক রকম অবস্থান নেওয়া সম্ভব?’
গণভোটকে অবৈধ বলার সমালোচনা করে জামায়াতের এই নেতা বলেন, ‘আবার বলা হচ্ছে, এই গণভোট বৈধ নয়, সংবিধানে এর অস্তিত্ব নেই। তাহলে আপনি যে এমপি হলেন, মন্ত্রী হলেন এটা কোন সংবিধানে আছে?’
তিনি আরও বলেন, পৃথিবীর ইতিহাসে কোনো গণভোটের রায় বাতিল হয়নি। জনগণের দেওয়া রায়কে সম্মান করার আহ্বান জানিয়ে মিয়া গোলাম পরওয়ার বলেন, গণভোটের ফলাফল অস্বীকার করা হলে জনগণের মতামত ও গণতান্ত্রিক প্রক্রিয়াকেই প্রশ্নবিদ্ধ করা হয়।ফ্যামিলি কার্ড নিয়ে তো তাদের মধ্যেই মারামারি।তেল, গ্যাস, বিদ্যুৎ এর দাম অযৌক্তিক ভাবে বাড়ানো হয়েছে। বিদ্যুৎ অফিস হামলা করা হয়েছে। ইউ এন ও অফিসে হামলা হয়েছে। আর কি বলব সরকার ৬ মাসে ব্যর্থ হয়েছে। ব্যর্থতার পরিচয় দিয়েছে।
আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী জেনারেল ও রংপুর অঞ্চলের পরিচালক মাওলানা আব্দুল হালিম, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও অঞ্চলের সহকারী পরিচালক অধ্যক্ষ মাওলানা মমতাজ উদ্দিন, রংপুর অঞ্চলের টিম সদস্য মাওলানা আব্দুল হাকিম, নীলফামারী-১ আসনের এমপি ও নীলফামারী জেলা আমীর অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার, নীলফামারী জেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা আনতাজুল ইসলাম,নীলফামারী-৪ আসনের এমপি মাওলানা আব্দুল মুত্তাকিমসহ স্থানীয় নেতৃবৃন্দ।

