ডার্ক মোড
Tuesday, 11 August 2026
ePaper   
Logo
চাঁপাইনবাবগঞ্জে জাল বিদেশি মুদ্রা তৈরির সরঞ্জামসহ আটক ২

চাঁপাইনবাবগঞ্জে জাল বিদেশি মুদ্রা তৈরির সরঞ্জামসহ আটক ২

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জে জাল বিদেশি মুদ্রা তৈরির সরঞ্জামসহ দুজনকে আটক করেছে র‍্যাব।

শনিবার (৮ আগস্ট) রাত ১০টার দিকে শহরের আরামবাগ-বালুবাগান এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় বিভিন্ন দেশের জাল মুদ্রার ২৫ বান্ডিল নোট ও জাল মুদ্রা তৈরির সরঞ্জাম জব্দ করা হয়।
র‍্যাব-৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের ইনচার্জ অতিরিক্ত পুলিশ সুপার ইফতেখার হোসেন মাহমুদ এ তথ্য নিশ্চিত করেছেন।

আটক ব্যক্তিরা হলেন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মনাকষা এলাকার মনিরুল ইসলামের ছেলে তসিকুল ইসলাম এবং নওগাঁর নিয়ামতপুর উপজেলার মন্দিমোড় এলাকার সাইদুর রহমানের ছেলে শামীম আলী।
র‍্যাব কর্মকর্তা ইফতেখার হোসেন মাহমুদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে আরামবাগ-বালুবাগান এলাকার একটি তিনতলা বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় সেখান থেকে বিভিন্ন দেশের জাল মুদ্রার ২৫ বান্ডিল নোট ও জাল মুদ্রা তৈরির অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে তসিকুল ইসলাম ও শামীম আলীকে আটক করা হয়।
র‍্যাবের ভাষ্য, আটক দুজন জাল মুদ্রা তৈরির কারিগর হিসেবে কাজ করতেন। ওই বাড়িটি দীর্ঘদিন ধরে জাল মুদ্রা তৈরির কারখানা হিসেবে ব্যবহৃত হয়ে আসছিল। সেখানে বিভিন্ন দেশের জাল মুদ্রা তৈরি করা হতো।

র‍্যাব কর্মকর্তা আরও জানান, জাল মুদ্রা তৈরির মূল হোতাকে আটক করতে অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন