চট্টগ্রাম বহির্নোঙরে যৌথ অভিযান: অবৈধ জাল উচ্ছেদ, ২৪ জনের কারাদণ্ড
চট্টগ্রাম ব্যুরো
চট্টগ্রাম বন্দরের বহির্নোঙর ও কর্ণফুলী চ্যানেলে নৌপথের নিরাপদ চলাচল নিশ্চিত করতে এবং অবৈধ জাল অপসারণে এক বিশেষ যৌথ অভিযান পরিচালনা করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ (সিপিএ), বাংলাদেশ নৌবাহিনী ও কোস্ট গার্ড। অভিযানে নিষিদ্ধ নৌপথে অবৈধ জাল বসানোর দায়ে ২৮ জনকে আটক করা হয় এবং এর মধ্যে ২৪ জন জেলেকে এক মাস করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদীয়া আফরিন কোচির পরিচালনায় বুধবার (১২ আগস্ট) এ অভিযান পরিচালিত হয়।
বন্দর কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, চট্টগ্রাম বন্দরের বাণিজ্যিক চ্যানেল ও বহির্নোঙরে অবৈধভাবে জাল পাতার কারণে লাইটারেজ ও মাদার ভেসেল (পণ্যবাহী জাহাজ) চলাচলে মারাত্মক বিঘ্ন ঘটছিল। অনেক সময় জাহাজের প্রপেলারে (পাখা) পেঁচিয়ে গিয়ে বড় ধরনের দুর্ঘটনার ঝুঁকি তৈরি হচ্ছিল। এর প্রেক্ষিতে লাইটারেজ শ্রমিক সংগঠন আগামী ১৭ আগস্টের মধ্যে চ্যানেল থেকে জাল অপসারণের আল্টিমেটাম দেয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ, নৌবাহিনী ও কোস্ট গার্ড যৌথভাবে এই অভিযান শুরু করে। অভিযানকালে বানিজ্যিক নৌপথ থেকে বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ ও অপসারণ করা হয়।
একই সাথে বন্দর এলাকায় দীর্ঘক্ষণ জাহাজ নোঙর করে কৃত্রিম পণ্যসংকট তৈরি বা ভাসমান গুদাম হিসেবে ব্যবহার রোধে বহির্নোঙরে নজরদারি বৃদ্ধি করা হয়েছে। নৌপথ নিরাপদ রাখতে এবং অবৈধ জাল না বসাতে স্থানীয় বাসিন্দাদের মাঝে সচেতনতামূলক লিফলেটও বিতরণ করা হয়।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ রেফায়েত হামিম জানান, আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ নৌপথের নিরাপদ চলাচল বজায় রাখতে এবং অসাধু কর্মকাণ্ড রুখতে এ ধরনের অভিযান ও 'জিরো টলারেন্স' নীতি বজায় থাকবে।

