হাতিয়ায় মিয়ানমারগামী চোরাচালানকৃত সারসহ কোস্ট গার্ডের হস্তক্ষেপে আটক ৫
নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালী উপকূল থেকে মিয়ানমারে অবৈধভাবে পাচারের উদ্দেশ্যে নেওয়া ৭৬০ বস্তা সারসহ একটি ফিশিং বোট ও ৫ জন সন্দেহভাজন চোরাকারবারিকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। বৃহস্পতিবার (১৩ আগস্ট) ভোরে এ অভিযান পরিচালিত হয়।
বৃহস্পতিবার সকালে এক প্রেস ব্রিফিংয়ে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেন।
গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড স্টেশন হাতিয়ার একটি বিশেষ আভিযানিক দল বৃহস্পতিবার রাত আনুমানিক ১২:৩০টার দিকে নোয়াখালীর হাতিয়া থানার বাংলাবাজার খেয়াঘাট এলাকায় একটি অভিযান পরিচালনা করে।
অভিযানকালে কর্মকর্তারা একটি সন্দেহভাজন ফিশিং বোট আটক করে তল্লাশি চালান। তল্লাশিতে বোটটিসহ আনুমানিক ৮ লাখ টাকা মূল্যের ৭৬০ বস্তা সার উদ্ধার করা হয়।
এ সময় চোরাচালানের চেষ্টায় জড়িত বোটে থাকা ৫ জনকে ঘটনাস্থল থেকেই আটক করা হয়।
জব্দকৃত মালামাল, বোট এবং আটককৃত আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
সামুদ্রিক এলাকায় অবৈধ পাচার প্রতিরোধে উপকূলীয় অঞ্চলে কোস্ট গার্ডের কঠোর নজরদারি ও চোরাচালানবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।

