সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষাকে অগ্রাধিকার দিতে হবে: প্রতিমন্ত্রী মীর হেলাল
হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি
দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষাকে অগ্রাধিকার দিতে হবে বলে জানিয়েছেন ভূমি এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যরিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।
তিনি জোর দিয়ে বলেন, তরুণ শিক্ষার্থীদের কেবল গতানুগতিক প্রাতিষ্ঠানিক বা ডিগ্রিভিত্তিক শিক্ষার মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না, বরং বাস্তবমুখী ও কর্মমুখী শিক্ষার ওপর মনোনিবেশ করতে হবে।
মঙ্গলবার চট্টগ্রামের হাটহাজারীতে মীর নোয়াবুল হক মেমোরিয়াল হাই স্কুলে নবনির্মিত 'মীর মোহাম্মদ নাছির উদ্দিন একাডেমিক ভবন'-এর প্রধান উদ্বোধক হিসেবে শুভ উদ্বোধনকালে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
স্কুলটির প্রতিষ্ঠাতা, সাবেক মন্ত্রী, মেয়র ও রাষ্ট্রদূত মীর মোহাম্মদ নাছির উদ্দিন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল নতুন একাডেমিক ভবনের ফলক উন্মোচন করেন।
বর্তমান চাহিদা ও বৈশ্বিক প্রেক্ষাপট তুলে ধরে প্রতিমন্ত্রী মীর হেলাল বলেন, শিক্ষার্থীদের কারিগরি দক্ষতায় সমৃদ্ধ করা অপরিহার্য। এই লক্ষ্য বাস্তবায়নে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার দেশব্যাপী সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার প্রসারে বিপ্লবী পদক্ষেপ গ্রহণ করেছে।
শিক্ষার্থীদের উপদেশ দিয়ে মীর হেলাল বলেন, আগামী দিনে পেশাগত জীবনে সফল হতে এখন থেকেই নিজেদের যোগ্য ও সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।
প্রধান অতিথির বক্তব্যে স্কুলের প্রতিষ্ঠাতা মীর মোহাম্মদ নাছির উদ্দিন হাটহাজারীকে নিয়ে তাঁর আবেগঘন স্মৃতিচারণ করেন এবং জানান যে, হাটহাজারীর মাটির সাথে তাঁর আত্মিক ও গভীর সম্পর্ক রয়েছে।
স্কুলের প্রধান শিক্ষক মুহাম্মদ সেলিম উদ্দিন রেজার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে দাতা সদস্য ব্যারিস্টার ইশরাত নাজনীন নাছির, হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন এবং শিক্ষা প্রকৌশল অধিদপ্তর (ইইডি) চট্টগ্রামের নির্বাহী প্রকৌশলী তানভীর ইসলাম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

