নরসিংদীতে কন্টেইনারে করে অবৈধ সিলিন্ডারে গ্যাস সরবরাহ বন্ধের দাবিতে চালকদের মানববন্ধন
স্টাফ রিপোর্টার, নরসিংদী : গ্যাস সংকটের মধ্যেই নরসিংদীতে কন্টেইনারে করে অবৈধ সিলিন্ডারের মাধ্যমে গ্যাস সরবরাহ বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে নরসিংদী প্রেসক্লাবের সামনে সিএনজি চালিত মোটরযান চালক ও মালিকবৃন্দ এই মানববন্ধনের আয়োজন করেন।
মানবন্ধনে আরশিনগর মাইক্রোস্ট্যান্ডের সভাপতি আইয়ুব আলী, সেবাসংঘ মাইক্রো স্ট্যান্ডের সভাপতি লিটন মিয়া, বীরপুর মাইক্রোস্ট্যান্ডের সাধারণ সম্পাদক মাসুদ মিয়া, চালক মোঃ সাত্তার মিয়া, মোঃ হোসেন মিয়া, মোঃ আল আমিন মিয়া, মোঃ মুসা মিয়া প্রমুখ বক্তব্য রাখেন।
এসময় বক্তারা বলেন, অতিরিক্ত মুনাফা পেয়ে পাম্প মালিকরা রাতের আধারে কন্টেনার ভর্তি করে সিলিন্ডারে করে অবৈধভাবে গ্যাস বিক্রি করছে। যার ফলে দিনের বেলা পাম্প গুলোতে গ্যাসের পর্যাপ্ত চাপ থাকছেনা। এতে পাম্প গুলোতে গাড়ির দীর্ঘ লাইন তৈরি হচ্ছে। ঘন্টার পর ঘন্টা বসে থেকেও চাহিদা অনুযায়ী গ্যাস পাওয়া যাচ্ছেনা। গ্যাস সংকট নিরসনে রাতের আধারে অবৈধ ভাবে সিলিন্ডারে গ্যাস সরবরাহ বন্ধ করতে হবে।
অবৈধ ভাবে গ্যাস সরবরাহ বন্ধ করে গ্যাস সংকটের স্থায়ী সমাধান করা না হলে তিতাস গ্যাস অফিস ঘেরাও সহ ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধের মতো বড় কর্মসূচির গ্রহণ করা হবে বলেও হুমকি দেয়া হয় মানববন্ধন থেকে।

