সুন্দরবনে পর্যটকবাহী জাহাজে ডাকাতির চেষ্টা, বনরক্ষীদের বাধায় পণ্ড
আলী আজীম, মোংলা (বাগেরহাট)
পূর্ব সুন্দরবনের কটকা অভয়ারণ্য এলাকায় পর্যটকবাহী জাহাজে ডাকাতির চেষ্টা ৪ রাউন্ড গুলিবর্ষণ করে পণ্ড করে দিয়েছেন বনরক্ষীরা। শনিবার (৩ অক্টোবর) রাত ৯টার দিকে সুন্দরবনের কটকা খালের সাগর মোহনায় নোঙর করে থাকা পর্যটকবাহী জাহাজ 'দি ওয়েভ-২'তে এ ঘটনা ঘটে।
সুন্দরবনের শরণখোলা রেঞ্জের কটকা অভয়ারণ্য কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেস্টর তানভির হাসান ইমরান শনিবার রাত ১১টায় মোবাইল ফোনে এ তথ্য নিশ্চিত করে বলেন, অজ্ঞাত পরিচয়ের একটি বনদস্যু বাহিনীর সদস্যরা ইঞ্জিনচালিত একটি ফিশিং ট্রলারে করে রাত ৯টার দিকে সুন্দরবনের সগির মোহনায় কটকা খালে নোঙর করে থাকা পর্যটকবাহী 'দি ওয়েভ-২' জাহাজের কাছে আসতে থাকে। এ সময় কটকার মোহনায় সাগরে থাকা জেলেরা মোবাইল ফোনে এ খবর আমাদের জানান। আমরা তৎক্ষণাৎ আমাদের বোট নিয়ে বনদস্যুদের ধাওয়া করি। একপর্যায়ে বনদস্যুদের লক্ষ্য করে গুলিবর্ষণ করতে থাকি। গুলির মুখে বনদস্যুরা তাদের ট্রলারের গতিপথ ঘুরিয়ে দ্রুতবেগে সাগরের দিকে চলে যায়।
বর্তমানে 'দি ওয়েভ-২'জাহাজসহ অপর একটি পর্যটকবাহী জাহাজ 'আরালসী' কটকায় অবস্থান করছে। দুটি জাহাজে দেশি-বিদেশি ৯৭ জন পর্যটক রয়েছেন বলে মোবাইল ফোনে জানান পর্যটকবাহী জাহাজ 'দি ওয়েভ-২' এর মাস্টার মো. শামিম আলম।
বাগেরহাটে সুন্দরবন পূর্ব বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. রেজাউল করিম চৌধুরী জানান, কটকায় পর্যটকবাহী জাহাজের দিকে বনদস্যু চলে আসার খবরটি আতঙ্কজনক ঘটনা। এর আগে এমনটি ঘটেনি।
তিনি আরও বলেন, সম্প্রতি সুন্দরবনে বনদস্যুদের অপতৎপরতা বেড়েছে। তারা জেলেদের জিম্মি করে মুক্তিপণ আদায় করছে। বনদস্যু দমনে সুন্দরবনে কোস্টগার্ডের টহল আরও জোরদার করা প্রয়োজন।
মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন
আপনি ও পছন্দ করতে পারেন
সর্বশেষ
জনপ্রিয়
আর্কাইভ!
অনুগ্রহ করে একটি তারিখ নির্বাচন করুন!
দাখিল করুন

