ডার্ক মোড
Friday, 26 June 2026
ePaper   
Logo
১১৪তম আন্তর্জাতিক শ্রম সম্মেলনে যোগ দিতে জেনেভা যাচ্ছেন শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী

১১৪তম আন্তর্জাতিক শ্রম সম্মেলনে যোগ দিতে জেনেভা যাচ্ছেন শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী

স্টাফ রিপোর্টার

১১৪তম আন্তর্জাতিক শ্রম সম্মেলনে (আইএলসি) যোগ দিতে আজ শুক্রবার রাতে সুইজারল্যান্ডের জেনেভার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী।

আগামী ১ জুন থেকে ১২ জুন পর্যন্ত চলমান এই উচ্চপর্যায়ের বিশ্ব সম্মেলনে আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) ১৮৭টি সদস্য রাষ্ট্রের সরকার, নিয়োগকর্তা এবং শ্রমিকদের প্রতিনিধিত্বকারী প্রায় ৫,০০০ প্রতিনিধি অংশ নিচ্ছেন।

আগামী ৮ জুন সম্মেলনের পূর্ণাঙ্গ অধিবেশনে (প্লেনারি সেশন) বাংলাদেশের আনুষ্ঠানিক প্রতিনিধি দলের বক্তব্য রাখার কথা রয়েছে। সেখানে শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী তাঁর মূল বক্তব্যে শ্রমিক অধিকার, কর্মক্ষেত্রের নিরাপত্তা, সামাজিক ন্যায়বিচার এবং কর্মসংস্থান সৃষ্টির রূপরেখার ওপর আলোকপাত করে বাংলাদেশের সার্বিক শ্রম পরিস্থিতির চিত্র তুলে ধরবেন। বিশেষ করে, তাঁর বক্তব্যে সম্প্রতি পাস হওয়া ‘শ্রম আইন (সংশোধন), ২০২৬’-এর মতো আইনগত মাইলফলকগুলো উপস্থাপন করা হবে, যা ব্যাপক শ্রমকল্যাণ ও কাঠামোগত অধিকার প্রতিষ্ঠায় বাংলাদেশের প্রগতিশীল অগ্রযাত্রাকে বিশ্ব দরবারে প্রদর্শন করবে।

জেনেভায় তাঁর এই কূটনৈতিক সফরকালে মূল সম্মেলনের পাশাপাশি বেশ কিছু উচ্চপর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠকেও অংশ নেবেন মন্ত্রী। আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) মহাপরিচালক, ওআইসি লেবার সেন্টারের মহাপরিচালক এবং আন্তঃদেশীয় শ্রম অভিবাসন ও প্রাতিষ্ঠানিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে দক্ষিণ কোরিয়াসহ বেশ কয়েকটি বন্ধুভাবাপন্ন দেশের শ্রমমন্ত্রীদের সাথে তাঁর দ্বিপাক্ষিক বৈঠকের কথা রয়েছে।

শ্রমমন্ত্রী ছাড়াও বাংলাদেশ সরকারের পক্ষে শ্রম সচিব মো. আব্দুর রহমান তরফদারসহ উচ্চপর্যায়ের ৬ সদস্যের একটি রাষ্ট্রীয় প্রতিনিধি দল এই সম্মেলনে অংশ নিচ্ছেন। অন্যদিকে, বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের সভাপতি ফজলুল শামীম এহসানের নেতৃত্বে ৯ সদস্যের একটি নিয়োগকর্তা প্রতিনিধি দলের প্রতিনিধিত্ব করছেন বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান এবং বিকেএমইএ সভাপতি মো. হাতেম।

এছাড়া, বৈশ্বিক এই ফোরামে বাংলাদেশের ত্রিপক্ষীয় প্রতিনিধিত্ব সম্পূর্ণ করতে পাবনা-৫ আসনের সংসদ সদস্য এবং বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রধান সমন্বয়কারী মো. শামসুর রহমান শিমুল বিশ্বাসের নেতৃত্বে ১১ সদস্যের একটি শ্রমিক প্রতিনিধি দল সম্মেলনে অংশগ্রহণ করছে।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন