হাবিপ্রবির ৭২ শিক্ষার্থীকে শোকজ
মাহিদুল ইসলাম রিপন দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ২৫ এবং ২৬ ব্যাচের ৭২ শিক্ষার্থীকে শোকজ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
হাবিপ্রবির জনসংযোগ বিভাগের পরিচালক মো. খাদেমুল ইসলাম প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে তিনি জানান, বিশ্ববিদ্যালয়ে অনার্সে নতুন ভর্তি হওয়া বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের ভয়-ভীতি প্রদর্শন ও আতঙ্ক সৃষ্টির মাধ্যমে র্যাগিংয়ে যুক্ত থাকার সুনির্দিষ্ট অভিযোগে ওই দুটি ব্যাচের ৭২ শিক্ষার্থীর বিরুদ্ধে প্রশাসন এ ধরনের কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হয়েছে।
র্যাগিংয়ের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা কমিটি ও বিশ্ববিদ্যালয় প্রশাসন কঠোর অবস্থান নিয়েছে। বিশ্ববিদ্যালয় এলাকা থেকে র্যাগিংয়ের অপসংস্কৃতি চিরতরে নির্মূল করতে প্রশাসন কঠোর হস্তে এ ধরনের উদ্যোগ নিয়েছে।
শোকজের নোটিশ পাওয়া শিক্ষার্থীদের মধ্যে ভেটেরিনারি অনুষদের ২৬ ব্যাচের ২৬ জন, ২৫ ব্যাচের ১৩ জন, ইইই বিভাগের ২৬ ব্যাচের ২১ জন, ২৫ ব্যাচের ১০ জন এবং কৃষি অনুষদের ২৫ ও ২৬ ব্যাচের ১ জন করে ২ জন শিক্ষার্থী রয়েছে।
সূত্র জানায়, গত কয়েক দিনে ক্যাম্পাসের পাশে বিসিএস গলি, বিশ্ববিদ্যালয়ের সংলগ্ন কর্ণাই গ্রাম, বিশ্ববিদ্যালয়ের পুকুর পাড় এবং আবাসিক মেসে নতুন শিক্ষার্থীদের সাথে র্যাগিংয়ের খবর পেয়ে তৎক্ষনাৎ ঘটনাস্থলে উপস্থিত হন বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম।
এ সময় টিমের সদস্যরা র্যাগিংয়ের প্রাথমিকভাবে সুনির্দিষ্ট প্রমাণ পেয়েছেন। র্যাগিংয়ে প্রত্যকটি ঘটনার সাথে বিশ্ববিদ্যালয়ের ২৫ এবং ২৬ ব্যাচের শিক্ষার্থীদের জড়িত থাকার অভিযোগ উঠেছে। বিষয়টি প্রাথমিকভাবে অনুসন্ধানে সুনির্দিষ্ট অভিযোগ থাকায় তাদের প্রত্যেকে শোকজ নোটিশ প্রদান করা হয়েছে। শোকজ নোটিশে ৭ কর্ম দিবসের মধ্যে তাদের ৭২ জনের প্রত্যেকে ঘটনাস্থলে উপস্থিত থেকে স্ব-শরীরে কারণ দর্শানোর নির্দেশ প্রদান করা হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে হাবিপ্রবির প্রক্টর অধ্যাপক ড. নওশের ওয়ান বাসসকে বলেন, র্যাগিংয়ের অভিযোগে ৭২ শিক্ষার্থীকে শোকজ করা হয়েছে।
শোকজের লিখিত জবাব পাওয়ার পর পরবর্তী সিদ্ধান্তে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। অভিযুক্তদের পক্ষ থেকে সন্তোষজনক জবাব না পেলে বিশ্ববিদ্যালয় প্রশাসন এ ব্যাপারে পরবর্তী সিদ্ধান্তে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য হবেন বলে তিনি ব্যক্ত করেন।

