সোনালী ব্যাংকে খণ্ডকালীন কর্মীদের চাকরি জাতীয়করণের দাবিতে ব্যবস্থাপনা পরিচালকের সঙ্গে সিবিএ প্রতিনিধি দলের সাক্ষাৎ
স্টাফ রিপোর্টার
সোনালী ব্যাংকে কর্মরত খণ্ডকালীন কর্মীদের (পিটিসি) চাকরি স্থায়ী ও জাতীয়করণের দাবিতে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) সাথে সাক্ষাৎ ও বৈঠক করেছেন সোনালী ব্যাংক এমপ্লয়িজ ইউনিয়ন (সিবিএ বি-৬৬৪)-এর একটি প্রতিনিধি দল।
সংগঠনের সাধারণ সম্পাদক মাহবুব হোসেনের নেতৃত্বে প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন যৌথ সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম ও আল-আমিন শেখ বাবুল।
বৈঠককালে যৌথ সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম তুলে ধরেন যে, রাষ্ট্রায়ত্ত এই ব্যাংকে খণ্ডকালীন কর্মচারীরা দীর্ঘদিন ধরে চরম অনিশ্চয়তার মধ্য দিয়ে দায়িত্ব পালন করে আসছেন। চাকরির স্থায়িত্ব না থাকায় অনেকেই চাকরির বয়সসীমা শেষে অবসর গ্রহণ করছেন, আবার অনেকে অকাল মৃত্যুবরণ করছেন। তিনি মানবিক দিক বিবেচনা করে এসব খণ্ডকালীন কর্মচারীর চাকরি অবিলম্বে নিয়মিতকরণের আহ্বান জানান।
প্রতিনিধি দলের দাবির প্রেক্ষিতে সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আশ্বাস প্রদান করে জানান, বর্তমানে চলমান গাড়িচালক পদের কর্মচারীদের চাকরি স্থায়ী করার প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরপরই খণ্ডকালীন (পিটিসি) কর্মীদের চাকরি নিয়মিতকরণের কাজ দ্রুত শুরু করা হবে।

