সেন্টমার্টিনে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন পরিবেশ প্রতিমন্ত্রী
স্টাফ রিপোর্টার
প্রবাল দ্বীপ সেন্টমার্টিনে "সবুজ বাংলাদেশ" প্রকল্পের আওতায় "বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬" উদ্বোধন করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম।
শনিবার সন্ধ্যায় কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।
বন, বন্যপ্রাণী, পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণে আগামী ৫ বছরে সারাদেশে ২৫ কোটি চারা রোপণের সরকারি মহাপরিকল্পনাকে বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ কোস্ট গার্ডের সার্বিক ব্যবস্থাপনায় এবং ইনরুট ফাউন্ডেশন ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সহযোগিতায় এই উদ্যোগ নেওয়া হয়। কর্মসূচিটি "দেশ সাজাতে বৃক্ষ রোপণ, সবার আগে বাংলাদেশ" স্লোগানকে সামনে রেখে পরিচালিত হচ্ছে।
প্রাকৃতিক ভারসাম্য রক্ষা, মাটির ক্ষয় রোধ, বন্যপ্রাণীর আবাস্থল সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলার লক্ষ্যে এ কর্মসূচির অধীনে সেন্টমার্টিন দ্বীপজুড়ে বিভিন্ন প্রজাতির প্রায় ২০,০০০ চারা রোপণ করা হবে।
বৃক্ষরোপণ অভিযানের পর প্রতিমন্ত্রী দ্বীপে "প্লাস্টিক মুক্ত বিচ ক্যাম্পেইন"-এ অংশ নেন। পরিবেশ সংরক্ষণ ও পরিচ্ছন্নতা নিশ্চিতের লক্ষ্যে আয়োজিত এই অভিযানে স্থানীয় বাসিন্দারা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

