ডার্ক মোড
Thursday, 03 September 2026
ePaper   
Logo
মিয়ানমারে পাচারের সময় ২২০ বস্তা রাসায়নিক সার জব্দ, আটক ৩

মিয়ানমারে পাচারের সময় ২২০ বস্তা রাসায়নিক সার জব্দ, আটক ৩

চট্টগ্রাম ব্যুরো
মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে নেওয়ার সময় চট্টগ্রামে ২২০ বস্তা (১১ হাজার কেজি) রাসায়নিক সার জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ ঘটনায় পাচারকাজে ব্যবহৃত একটি ট্রাক জব্দের পাশাপাশি তিনজনকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন।

কোস্ট গার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (২ সেপ্টেম্বর) ভোর ৪টার দিকে চট্টগ্রাম কোস্ট গার্ড বেসের সদস্যরা হালিশহর থানার অধীনস্থ দবিরখালে অভিযান চালান। এ সময় মিয়ানমারগামী একটি মাছ ধরার নৌকায় একটি ট্রাক থেকে অবৈধভাবে রাসায়নিক সার স্থানান্তরের সময় সন্দেহভাজনদের আটক করা হয়।

অভিযানে ২২০ বস্তা রাসায়নিক সার, সার পরিবহনে ব্যবহৃত ট্রাক এবং তিনজনকে ঘটনাস্থল থেকে আটক করা হয়। জব্দ করা সারের আনুমানিক বাজারমূল্য ৫ লাখ ৫০ হাজার টাকা।

পরে জব্দ করা সার ও ট্রাক এবং আটক ব্যক্তিদের প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য হালিশহর থানায় হস্তান্তর করা হয়।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা জানান, অবৈধভাবে সীমান্তপথে পণ্য পাচার রোধে নজরদারি জোরদার করা হয়েছে। চোরাচালান বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন