মিরসরাইয়ে কোস্ট গার্ডের বড় সাফল্য: মিয়ানমারগামী ৪ ট্রাক ভর্তি ইউরিয়া সারসহ ৩ চোরাচালানকারী আটক
মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের মিরসরাই উপজেলায় মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়ার সময় ৪টি ট্রাকবোঝাই ৯৬০ বস্তা ইউরিয়া সার জব্দ এবং ঘটনার সাথে জড়িত ৩ চোরাচালানকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
শুক্রবার বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য প্রকাশ করেন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত অতিক্রম করে চোরাচালান বন্ধে শুক্রবার (২৫ সেপ্টেম্বর ২০২৬) রাত আনুমানিক ১টায় কোস্ট গার্ড স্টেশন মিরসরাই কর্তৃক মিরসরাই থানাধীন ইছাখালী ঘাট এলাকায় এক বিশেষ অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে ইছাখালী ঘাট সংলগ্ন এলাকা থেকে ট্রাক থেকে সার নামিয়ে অবৈধভাবে মিয়ানমারে পাচারের জন্য একটি মাছ ধরার নৌকায় তোলার সময় ৩ চোরাচালানকারীকে হাতেনাতে আটক করা হয়। কোস্ট গার্ডের টহল দল ঘটনাস্থল থেকে আনুমানিক ৩৩.৬০ লাখ টাকা মূল্যমানের ৪৮,০০০ কেজি (৯৬০ বস্তা) ইউরিয়া সার, পাচারকাজে ব্যবহৃত ৪টি ট্রাক এবং ১টি ফিশিং বোট জব্দ করে।
পরবর্তীতে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে জব্দকৃত ইউরিয়া সার, যানবাহন, ফিশিং বোট এবং আটককৃত ৩ জনের বিরুদ্ধে নিয়মিত আইনি ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট সংস্থায় হস্তান্তর করা হয়েছে।
জাতীয় সম্পদ সুরক্ষা ও সীমান্ত দিয়ে চোরাচালান প্রতিরোধে কোস্ট গার্ডের এ ধরনের জিরো টলারেন্স অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।

