ডার্ক মোড
Saturday, 26 September 2026
ePaper   
Logo
গভীর সমুদ্রে বিকল নৌযানে ভাসতে থাকা ৮ জেলেকে জীবিত উদ্ধার করল কোস্ট গার্ড

গভীর সমুদ্রে বিকল নৌযানে ভাসতে থাকা ৮ জেলেকে জীবিত উদ্ধার করল কোস্ট গার্ড

স্টাফ রিপোর্টার

বঙ্গোপসাগরের গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা এক ফিশিং বোটসহ আটজন জেলেকে জীবিত উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

শুক্রবার সকালে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।

লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, গত শনিবার বেলা আনুমানিক ১১টার দিকে সুন্দরবনের কোকিলমনি থেকে প্রায় ১১ নটিক্যাল মাইল দক্ষিণে গভীর সমুদ্রে মাছ ধরার সময় আটজন জেলেসহ ফিশিং বোটটির ইঞ্জিন বিকল হয়ে যায়। এর ফলে বহরাটি নিয়ন্ত্রণ হারিয়ে টানা বেশ কয়েক দিন সমুদ্রে ভাসতে থাকে।

পরবর্তীতে বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে ভাসতে ভাসতে বোটটি মোবাইল নেটওয়ার্কের আওতায় এলে এক জেলে বোটের মালিককে ফোন করে তাঁদের বিপদের বিষয়টি অবহিত করেন। বোট মালিক তাৎক্ষণিকভাবে বিষয়টি কোস্ট গার্ড পশ্চিম জোনকে জানান এবং সহায়তার আবেদন করেন।

সংবাদ পাওয়ার সাথে সাথেই কোস্ট গার্ড স্টেশন কোকিলমনি গভীর সমুদ্রে দ্রুত এক উদ্ধার অভিযান পরিচালনা করে। উদ্ধারকারী দলটি সমুদ্র থেকে ইঞ্জিন বিকল বোটসহ আটজন জেলেকে জীবিত অবস্থায় উদ্ধার করতে সক্ষম হয়।

অভিযান শেষে উদ্ধারকৃত জেলেদের প্রাথমিক চিকিৎসা এবং প্রয়োজনীয় খাদ্যসামগ্রী প্রদান করা হয়। উদ্ধার হওয়া জেলে ও বোটটিকে তাঁদের মালিক পক্ষের প্রতিনিধিদের কাছে হস্তান্তরের আইনি কার্যক্রম বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে।

সমুদ্রে সার্বিক নিরাপত্তা সুনিশ্চিতকরণ এবং যেকোনো জরুরি পরিস্থিতিতে অনুসন্ধান ও উদ্ধার অভিযান পরিচালনায় কোস্ট গার্ডের এ ধরনের সামাজিক সেবা কার্যক্রম অব্যাহত থাকবে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন