ডার্ক মোড
Saturday, 26 September 2026
ePaper   
Logo
অসহায় প্রতিবন্ধী নারগিসকে ঢাকা জেলা প্রশাসকের পুনর্বাসন ও আর্থিক সহায়তা প্রদান

অসহায় প্রতিবন্ধী নারগিসকে ঢাকা জেলা প্রশাসকের পুনর্বাসন ও আর্থিক সহায়তা প্রদান

স্টাফ রিপোর্টার

অনিয়ন্ত্রিত ডায়াবেটিসের কারণে একটি পা হারিয়ে কর্মহীন হয়ে পড়া অসহায় নারী নারগিস আক্তার লিজার পাশে দাঁড়িয়েছে ঢাকা জেলা প্রশাসন। তাঁর চিকিৎসা, পুনর্বাসন এবং নিয়মিত জীবিকানির্বাহ নিশ্চিত করতে আর্থিক অনুদান ও প্রয়োজনীয় সহায়তা প্রসারিত করেছেন ঢাকা জেলা প্রশাসক ফরিদা খানম।

রাজধানীর উত্তর বাড্ডা এলাকায় একাকী বসবাসকারী নারগিস এর আগে একটি বেসরকারি প্রতিষ্ঠানে রাঁধুনির কাজ করে জীবন ধারণ করতেন। কোনো স্বামী বা সন্তান না থাকা এই নারী গত ৯ মাস আগে ডায়াবেটিসজনিত জটিলতায় একটি পা হারালে মারাত্মকভাবে শারীরিক প্রতিবন্ধকতার শিকার হন এবং সম্পূর্ণ বেকার হয়ে পড়েন।

তাঁর এই দুর্দশার কথা জানতে পেরে তাৎক্ষণিকভাবে মানবিক সহায়তার উদ্যোগ নেন ঢাকার জেলা প্রশাসক ফরিদা খানম।

বৃহস্পতিবার ঢাকার জেলা প্রশাসক কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে নারগিস আক্তার লিজার হাতে একটি হুইলচেয়ার এবং নগদ অর্থ তুলে দেন জেলা প্রশাসক ফরিদা খানম।

অনুষ্ঠানে জেলা প্রশাসক ফরিদা খানম বলেন, অসহায় মানুষের পাশে দাঁড়ানো প্রশাসনের একটি মৌলিক মানবিক দায়িত্ব। নারগিসকে শুধু সাময়িক স্বস্তি দেওয়া নয়, বরং তাঁকে দীর্ঘমেয়াদে স্বাবলম্বী করে তোলাই জেলা প্রশাসনের মূল লক্ষ্য।

নারগিসের জন্য স্থায়ী উপার্জনের পথ নিশ্চিত করার অংশ হিসেবে ঢাকা জেলা প্রশাসনের পক্ষ থেকে একটি পূর্ণাঙ্গ মুদি দোকান প্রতিষ্ঠা করে দেওয়ার কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

এই উদ্যোগের ফলে তিনি নিয়মিত আয় করে স্বাধীনভাবে নিজের দৈনন্দিন জীবন পরিচালনা করতে পারবেন। জেলা প্রশাসনের পক্ষ থেকে পাওয়া এই সময়োপযোগী সহযোগিতা তাঁর জীবনে পুনরায় ঘুরে দাঁড়ানোর আশা জাগিয়েছে উল্লেখ করে গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন নারগিস।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন