মাধবদীতে বিদেশি পিস্তলসহ ছিনতাই চক্রের ২ সদস্য গ্রেফতার ১টি বিদেশী পিস্তল, ৩ রাউন্ড গুলি ও নগদ টাকা উদ্ধার
স্টাফ রিপোর্টার, নরসিংদী
মাধবদীতে বিদেশি পিস্তল ঠেকিয়ে ট্রাকচালকের কাছ থেকে টাকা ও মোবাইল ছিনতাইয়ের ঘটনায় ছিনতাই চক্রের ২ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ১টি বিদেশি পিস্তল, ৩ রাউন্ড তাজা গুলি ও ছিনতাইকৃত নগদ টাকা উদ্ধার করা হয়। গতকাল সোমবার বিকালে মাধবদী থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোঃ আশিকুর রহমান। এসময় উপস্থিত ছিলেন নরসিংদী সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সজিব, মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ কামাল হোসেন, এসআই ইউসুফ আহাম্মেদ , এসআই আলাউদ্দীনসহ থানার অন্যান্য কর্মকর্তারা।
পুলিশ জানায়, গত সোমবার গভীর রাতে পাঁচদোনা-ঘোড়াশাল সড়কের নলুয়া নামক স্থানে ৩ জন ছিনতাইকারী পিস্তল ঠেকিয়ে এক ট্রাকচালকের কাছ থেকে নগদ ১০ হাজার ৫০০ টাকা ও একটি মোবাইল ফোন ছিনিয়ে নেয়। এ ঘটনায় মাধবদী থানায় অস্ত্র আইন ও দস্যুতার অভিযোগে ২টি মামলা রুজু করা হয়।
ঘটনার তথ্য পাওয়ার পর নরসিংদীর পুলিশ সুপার মো. আব্দুল্লাহ—আল—ফারুকের নির্দেশে মাধবদী থানার এসআই ইউসুফ আহাম্মেদের নেতৃত্বে একটি টহল পুলিশ দল অভিযান চালিয়ে এ ঘটনায় জড়িত ২ জনকে গ্রেফতার করে। তারা হলেন: শুভ (২২), পিতা— মৃত মিজান, গ্রাম পাঁচভাগ শ্রীনগর, থানা— মাধবদী ও একই গ্রামের হালিম মিয়ার ছেলে ফাহিম (২৬)।

