ভোটের মুখে খুলনা প্রেস ক্লাবে ঢুকে সাংবাদিকদের লাঞ্ছনা, বিক্ষোভ
খুলনা প্রতিনিধি
খুলনা প্রেস ক্লাব নির্বাচনের প্রচারের মধ্যে সেখানে ঢুকে সাংবাদিকদের লাঞ্ছিত করার অভিযোগ পাওয়া গেছে। এর প্রতিবাদে সাংবাদিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন।
রোববার সন্ধ্যা ৬টার দিকে এ ঘটনা ঘটে বলে জানান প্রেস ক্লাবের আহ্বায়ক এনামুল হক।
তিনি বলেন, ৩০ এপ্রিলের নির্বাচন ঘিরে খুলনা প্রেস ক্লাবে প্রচার চলছিল। সন্ধ্যায় একদল লোক হঠাৎ প্রেস ক্লাবে ঢুকে পড়েন। তারা সেখানে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন।
“একপর্যায়ে কয়েকজন নির্বাচনের সভাপতি পদপ্রার্থী এবং খুলনা সংবাদপত্র পরিষদের সভাপতি মোস্তফা সরোয়ারের নাম ধরে ডাকাডাকি ও গালাগাল করতে থাকেন। তারা সাধারণ সম্পাদক পদপ্রার্থী এবং এখন টেলিভিশনের বিশেষ প্রতিনিধি তরিকুল ইসলামসহ কয়েকজন সাংবাদিককে লাঞ্ছিত করেন।”
তিনি বলেন, “সাংবাদিকদের ওপর এ ধরনের হামলা স্বাধীন গণমাধ্যমের ওপর সরাসরি আঘাত। অবিলম্বে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনতে হবে।”
এ ঘটনার প্রতিবাদে প্রেস ক্লাবে অবস্থানরত সাংবাদিকরা সামনের সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। তারা এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
বিক্ষোভে সংহতি প্রকাশ করে খুলনা মহানগর বিএনপির সভাপতি শফিকুল আলম মনা বলেন, “সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। হামলাকারীদের দ্রুত শনাক্ত করে শাস্তি নিশ্চিত করতে হবে।”
রাত ৯টা পর্যন্ত প্রেস ক্লাবের সামনের সড়ক অবরোধ করে রাখেন সাংবাদিকরা।
জেলা পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, “এ বিষয়ে আমাদের কাছে এখনো কেউ অভিযোগ করেননি। অভিযোগ এলে আমরা ব্যবস্থা নেব।”

