বেতাগীতে ফ্যামিলি কার্ড কর্মসূচির ভার্চুয়ালি উদ্বোধন করলেন চিফ হুইপ
বেতাগী (বরগুনা) প্রতিনিধি
বরগুনার বেতাগী উপজেলায় পরিবার-কেন্দ্রিক ডাটাবেজ তৈরি এবং আরও দক্ষতার সাথে সরকারি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে বুধবার ‘ফ্যামিলি কার্ড’ উদ্যোগের উদ্বোধন করা হয়েছে। দেশের ২০টি জেলায় একযোগে এই কর্মসূচি চালু করা হয়, যার অংশ হিসেবে বুধবার বেতাগী উপজেলা পরিষদ মিলনায়তনে আঞ্চলিক উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জাতীয় সংসদের চিফ হুইপ ও বরগুনা-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. নূরুল ইসলাম মনি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে এই কর্মসূচির উদ্বোধন করেন।
বরগুনার জেলা প্রশাসক মিস তাসলিমা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন—বরিশাল বিভাগীয় কমিশনার ও অতিরিক্ত সচিব খলিল আহমেদ, বরিশাল রেঞ্জের ডিআইজি মোস্তাফিজুর রহমান, সমাজসেবা অধিদপ্তরের পরিচালক শাহ মো. রফিকুল ইসলাম, বরগুনার পুলিশ সুপার মো. কুদরাত-ই-খুদা এবং সিভিল সার্জন ড. আবুল ফাত্তাহ। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে জেলা পরিষদ প্রশাসক মো. নজরুল ইসলাম মোল্লা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অনিমেষ বিশ্বাস, বেতাগী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক মো. সাদ্দাম হোসেন, সাবেক মেয়র মো. শাহজাহান কবির এবং বেতাগী থানার ওসি মো. হারুন অর রশীদ হাওলাদারসহ স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে মো. নূরুল ইসলাম মনি বলেন, ফ্যামিলি কার্ড কর্মসূচি দেশের প্রতিটি পরিবারের জন্য একটি নির্ভুল ডাটাবেজ তৈরি করতে সাহায্য করবে। তিনি উল্লেখ করেন, এই পদ্ধতি সরকারি সেবা, সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচি এবং বিভিন্ন ধরনের সহায়তা প্রকৃত সুবিধাভোগীদের কাছে আরও দ্রুত ও নির্ভুলভাবে পৌঁছানো নিশ্চিত করবে।
"ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের প্রাথমিক একক"—এই মূল প্রতিপাদ্যের ওপর জোর দিয়ে বক্তারা বলেন, পারিবারিক তথ্য সংরক্ষণ, সেবা প্রদান প্রক্রিয়া সহজীকরণ এবং রাষ্ট্রীয় সেবার কার্যকর ব্যবস্থাপনা নিশ্চিত করতে এই উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
নাগরিকদের কাছে সরাসরি সরকারি সেবা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে এই উদ্যোগ একটি যুগান্তকারী মাত্রা যোগ করবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন। পরিশেষে, কর্মসূচির সফল বাস্তবায়নে কর্মপরিকল্পনার রূপরেখা এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদানের ওপর বিস্তারিত আলোচনার মাধ্যমে অনুষ্ঠানটি সমাপ্ত হয়।

