ডার্ক মোড
Thursday, 12 November 2026
ePaper   
Logo
কুমিল্লায় এমপি সেলিম ভূঁইয়ার সামনে বিএনপির দু গ্রুপের মারামারি

কুমিল্লায় এমপি সেলিম ভূঁইয়ার সামনে বিএনপির দু গ্রুপের মারামারি

সোহাইবুল ইসলাম সোহাগ, কুমিল্লা
কুমিল্লার তিতাসে সংসদ সদস্য অধ্যক্ষ সেলিম ভূঁইয়াকে ফুলের তোড়া দিয়ে স্টেজে উপস্থিত করে সংবর্ধনা দেওয়ার অনুষ্ঠানে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় মঞ্চে থাকা সংসদ সদস্যের সামনেই দেশীয় অস্ত্র নিয়ে হামলার ঘটনা ঘটে। এতে তিনি সামান্য আহত হয়েছেন বলে জানা গেছে। পরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে শতাধিক নেতাকর্মী আহত হন।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) তিতাস উপজেলার জিয়ারকান্দি ইউনিয়নের গোপালপুর হাই স্কুল মাঠে এ ঘটনা ঘটে। সংসদ সদস্যকে সংবর্ধনা দিতে জিয়ারকান্দি ইউনিয়ন বিএনপি এ অনুষ্ঠানের আয়োজন করে।

জানা যায়, সংসদ সদস্য অনুষ্ঠানে উপস্থিত হওয়ার পর কর্মসূচি চলাকালে মিছিলকে কেন্দ্র করে ইউনিয়ন বিএনপির দপ্তর সম্পাদক জামাল ও সহসভাপতি এমদাদের অনুসারীদের মধ্যে প্রথমে হট্টগোল শুরু হয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে দেশীয় অস্ত্র নিয়ে মঞ্চের সামনে হামলার ঘটনা ঘটে। এ সময় সংসদ সদস্যও সামান্য আহত হন বলে জানা গেছে। পরে তিনি নিরাপদে সমাবেশস্থল ত্যাগ করেন। এরপর দুই পক্ষের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এতে শতাধিক নেতাকর্মী আহত হওয়ার খবর পাওয়া গেছে।

কুমিল্লা (উত্তর) জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবুল হাশেম বলেন, অনেকের আহত হওয়ার ঘটনা ঘটেছে বলে শুনেছি। তবে সংসদ সদস্যের সামনে কেন এমন ঘটনা ঘটল এবং তিনি কেন আহত হবেন, তা খতিয়ে দেখা প্রয়োজন। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিরুল হক বলেন, পরিস্থিতি শান্ত রাখতে পুলিশের একাধিক দল কাজ করছে।

এ বিষয়ে জানতে কুমিল্লার তিতাসে সংসদ সদস্য অধ্যক্ষ সেলিম ভূঁইয়াকে একাধিকবার কল দিলেও রিসিভ করেননি।

কুমিল্লায় এমপি সেলিম ভূঁইয়ার সামনে বিএনপির দু গ্রুপের মারামারি
কুমিল্লায় এমপি সেলিম ভূঁইয়ার সামনে বিএনপির দু গ্রুপের মারামারি

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন