বিনায় বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হাসান জাফির তুহিনের সাথে কার্যনির্বাহী সভা অনুষ্ঠিত
মোশাররফ হোসেন জুয়েল, ময়মনসিংহ
ময়মনসিংহে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) সদর দপ্তরের হলরুমে শনিবার দুপুরে এক উচ্চপর্যায়ের কৌশলগত সভা অনুষ্ঠিত হয়েছে। নবনিযুক্ত বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) চেয়ারম্যান (সচিব পদমর্যাদা) এবং বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের সভাপতি, কৃষিবিদ মো. হাসান জাফির তুহিনের সাথে এই মতবিনিময় সভার আয়োজন করে বিনা কর্তৃপক্ষ।
বিনার মহাপরিচালক ড. শরিফুল হক ভূঁইয়ার সভাপতিত্বে এই কার্যনির্বাহী সভাটি অনুষ্ঠিত হয়। সভায় বিনার মৃত্তিকা বিজ্ঞান বিভাগের প্রধান ড. মাহবুবুল আলম তরফদার একটি বিস্তারিত অডিও-ভিজ্যুয়াল (দৃশ্য-শ্রাব্য) প্রেজেন্টেশন উপস্থাপন করেন। স্লাইড প্রদর্শনের মাধ্যমে তিনি বিনার আধুনিক পরমাণু কৃষি অবকাঠামো, বহুমুখী ফসলের উদ্ভাবন, প্রযুক্তিগত অগ্রগতি এবং দেশজুড়ে নিয়োজিত জনবলের সার্বিক কার্যক্রম তুলে ধরেন।
সভায় বিনার পরিচালনা বোর্ডের সদস্য কৃষিবিদ মো. আনিস এবং কৃষিবিদ মো. শফিকুল ইসলামসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। তাঁরা প্রাতিষ্ঠানিক সমন্বয় এবং টেকসই কৃষি উন্নয়নের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
সবশেষে একটি উন্মুক্ত আলোচনা সভার মধ্য দিয়ে অনুষ্ঠানটি সমাপ্ত হয়, যেখানে বিনার সকল সিনিয়র বিজ্ঞানী, গবেষক এবং প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ সক্রিয়ভাবে অংশ নেন।

