বর্তমান প্রধানমন্ত্রী একটি মানবিক বাংলাদেশ গড়তে চান- ডাঃ এজেডএম জাহিদ হোসেন
মাহিদুল ইসলাম রিপন দিনাজপুর প্রতিনিধি
সমাজ কল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী অধ্যাপক ডাঃ এজেডএম জাহিদ হোসেন বলেছেন, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান একটি মানবিক বাংলাদেশ গড়তে চান। মানবিক বাংলাদেশ করতে হলে আপনার বাড়ির আশেপাশের মানুষগুলোর মধ্যে যে মানুষটি না খেয়ে আছে, যে মানুষটি আর্থিকভাবে দুর্বল, শিক্ষার দিক দিয়ে পিছিয়ে আছে সেই মানুষগুলোসহ সবাইকে যদি আমরা এক কাতারে নিয়ে আসা যায়। সবার জীবনমান উন্নয়নের জন্য চেষ্টা করা যায় তাহলেই আমরা একটি মানবিক বাংলাদেশে গড়তে পারি। সমাজের কোন মানুষকেই বাদ দেওয়া যাবে না। তার ধর্ম কি, বর্ণ কি, রাজনৈতিক বিশ্বাস কি তা আমাদের বিবেচনার বিষয় না। সমাজের প্রত্যেকটা মানুষকে আমাদের টেনে তুলতে হবে। আমরা চাই একটি সুশাসন এবং বৈষম্যহীন সমাজ। আপনি আমার পক্ষের না বিপক্ষের আপনার গায়ের রং কি এগুলো দেখার বিষয় না। আমাদের দেখার বিষয় হলো আপনি বাংলাদেশের নাগরিক কিনা। আপনি সত্যি সত্যি বাংলাদেশকে ভালবাসেন। আপনি এই দেশের সুনাগরিক হিসেবে নিজেকে গড়ে তুলতে চান। আপনাকে সহযোগিতা করা রাষ্ট্রের দায়িত্ব। আমরা যদি এভাবে কাজগুলো করতে পারি তাহলে সবাই ভালো থাকবো। দিনাজপুরও ভালো থাকবে বাংলাদেশেও ভালো থাকবে। আমাদের মানবিকতা এরকম যে আমরা সকলে মিলেমিশে যেন ভালো থাকতে পারি। দেশের জন্য দেশের প্রয়োজনে সবাই একসাথে মিলে কাজ করি সেই লক্ষ্যে আমাদের আজকের এই আয়োজন।
বুধবার (১ জুলাই) দিনাজপুর ঘাসিপাড়াস্থ জেলা সমাজ কমপ্লেক্স সম্মেলন কক্ষে (তিথিডোর) আয়োজিত অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচির আওতায় দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, আমাদের এরকম প্রশিক্ষণের আয়োজন আমরা আরো বাড়াতে চাই। আমরা প্রশিক্ষণ জেলা থেকে উপজেলা পর্যায়ে ছড়িয়ে দিতে চাই। আমরা এই প্রশিক্ষণের আয়োজন উপজেলার সংসদীয় আসন ভিত্তিতে করব। আমরা পিছিয়ে পড়া কোন মানুষকে অবসর থাকতে দিতে চাই না। সকলকে বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে স্বাবলম্বী করতে চাই। প্রশিক্ষনার সংখ্যা বাড়ানো হবে। কোন মতেই প্রশিক্ষণের মানের প্রশ্ন যেন না উঠে সে যদি লক্ষ্য রাখতে হবে। প্রশিক্ষণ শেষে সরকার সহযোগিতার ব্যবস্থা করবেন।
তিনি বলেন, বর্তমান সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি হল সবাইকে একসাথে নিয়ে পথচলা। এদেশের নাগরিক হিসেবে আমাদের সকলেরই দায়িত্ব কর্তব্য রয়েছে। আমরা সবাই মিলে যদি কাজ করি তাহলে সবাই ভালো থাকবো। আসুন আমরা সেই লক্ষ্যে কাজ করি।
মন্ত্রী আরো বলেন, আজকের একটি দৈনিক পত্রিকায় দেখলাম দলীয় এক নেতা বলেছেন, বাজেট যেটা পাস হয়েছে সেটা আমাদের ছায়া বাজেটের প্রায় কাছাকাছি হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নয় লক্ষ আটত্রিশ হাজার কোটি টাকার বাজেট নিয়ে অনেকে বিভিন্ন কথা বলার চেষ্টা করেছেন। কিন্তু আজকে তারা স্বীকার করছেন যে, জনাব তারেক রহমান যে স্বপ্ন দেখেন সে স্বপ্ন শুধু দেখার জন্য তিনি দেখেন না। স্বপ্ন কিভাবে বাস্তবায়ন করবেন সেই রূপরেখা উপস্থাপন করেন। আজকে বিরোধীদল যেমন বলছে এই বাজেট তাদের ছায়া বাজেটের প্রায় কাছাকাছি। আমরা এরকম সহযোগিতাপূর্ণ পরিবেশ চাই। দেশটা যেহেতু আমাদের সবার তাই সবাই মিলে এ দেশটা করতে চাই।
দিনাজপুর জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ আব্দুল মতিনের উপস্থাপনায় জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর সদর-৩ আসনের সাংসদ সৈয়দ জাহাঙ্গীর আলম, দিনাজপুর পুলিশ সুপার জেদান আল মুসা, রংপুর বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক (উপ-সচিব) জিলুফা সুলতানা, দিনাজপুর জেলা পরিষদের প্রশাসক মোফাজ্জল হোসেন দুলাল, সিভিল সাতজন ডাক্তার গোলাম রসূল রাখি, দিনাজপুর জেলা বিএনপি'র সাধারণ সম্পাদক ববখতিয়ার আহমেদ কচি।

