প্রতি বছর ১০ জন বাসিন্দাকে ওমরাহ করাবেন জিসিসির সাবেক কাউন্সিলর
মুজিবুর রহমান পাটোয়ারী, গাজীপুর
গাজীপুর সিটি কর্পোরেশনের (জিসিসি) ১৫ নম্বর ওয়ার্ডের বারবার নির্বাচিত সাবেক কাউন্সিলর আলহাজ্ব মো. ফয়সাল আহমেদ সরকার একটি অনন্য মানবিক উদ্যোগের ঘোষণা দিয়েছেন। তিনি সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে প্রতি বছর তাঁর ওয়ার্ডের ১০ জন বাসিন্দাকে পবিত্র ওমরাহ হজে পাঠাবেন। গাজীপুর মহানগর শ্রমিক লীগের আহ্বায়কের দায়িত্বে থাকা ফয়সাল আহমেদ সরকার সম্প্রতি স্থানীয় জগদা সরকার বাড়ি কেন্দ্রীয় জামে মসজিদের সামনে আয়োজিত এক প্রাণবন্ত ও অংশগ্রহণমূলক উঠান বৈঠকে এই ঘোষণা দেন।
উক্ত উঠান বৈঠকে ১৫ নম্বর ওয়ার্ডের অবকাঠামোগত উন্নয়ন, নাগরিক সুযোগ-সুবিধা, ভবিষ্যৎ পরিকল্পনা এবং সামাজিক সম্প্রীতি রক্ষার্থে স্থানীয় মুরুব্বি, ওলামায়ে কেরাম, সমাজসেবক, রাজনৈতিক ব্যক্তিত্বসহ সর্বস্তরের যুবসমাজ অংশ নেন। উন্মুক্ত আলোচনায় স্থানীয় বাসিন্দারা তাঁদের এলাকার বিভিন্ন দীর্ঘদিনের সমস্যা, দাবি ও নানা পরামর্শ তুলে ধরেন। ফয়সাল আহমেদ সরকার অত্যন্ত মনোযোগ সহকারে সবার কথা শোনেন এবং পর্যায়ক্রমে এই সমস্যাগুলো সুশৃঙ্খলভাবে সমাধানের আশ্বাস দেন।
সমাবেশে বক্তব্য রাখার সময় সাবেক এই কাউন্সিলর যখন প্রতি বছর ১০ জনকে ওমরাহ হজে পাঠানোর ব্যক্তিগত সিদ্ধান্তের কথা জানান, তখন উপস্থিত সবার মাঝে আনন্দের বন্যা বয়ে যায় এবং তাঁরা করতালির মাধ্যমে এই উদ্যোগকে স্বাগত জানান। জনকল্যাণে নিজের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে ফয়সাল সরকার বলেন, স্থানীয় জনগণের ভালোবাসা ও বিশ্বাসই তাঁর পথচলার মূল শক্তি। অতীতের মতো ভবিষ্যতেও তিনি ওয়ার্ডের রাস্তাঘাট, ড্রেনেজ ব্যবস্থা, সুপেয় পানি নিশ্চিতকরণ, বর্জ্য ব্যবস্থাপনা, শিক্ষাপ্রতিষ্ঠান এবং ধর্মীয় উপাসনালয়ের সামগ্রিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাবেন। ১৫ নম্বর ওয়ার্ডকে মাদক, সন্ত্রাস ও সব ধরনের সামাজিক অপরাধমুক্ত একটি আদর্শ ও মডেল ওয়ার্ড হিসেবে গড়ে তুলতে তিনি এলাকার সব বাসিন্দার সক্রিয় সহযোগিতা কামনা করেন।

