জাপানে যাওয়ার আগে যুবসমাজকে দক্ষতা ও ভাষাজ্ঞানে দক্ষ করে গড়ে তোলা হবে: ববি হাজ্জাজ
স্টাফ রিপোর্টার
জাপানসহ আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদা পূরণে বাংলাদেশের যুবসমাজকে প্রয়োজনীয় ভাষাদক্ষতা ও কারিগরি প্রশিক্ষণে দক্ষ করে গড়ে তুলতে সরকার সমন্বিত পদক্ষেপ গ্রহণ করছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
বৃহস্পতিবার ওসাকায় প্রবাসী বাংলাদেশি, পেশাজীবী এবং শিক্ষার্থীদের সাথে এক মতবিনিময় সভায় বক্তব্যে প্রতিমন্ত্রী জোর দিয়ে বলেন, সরকারের লক্ষ্য কেবল বিদেশে জনশক্তি পাঠানো নয়, বরং বিশ্বমানের দক্ষ মানবসম্পদ গড়ে তোলা।
হাজ্জাজ উল্লেখ করেন, ভাষা শিক্ষা ও কারিগরি শিক্ষার নীতিগত এবং প্রাতিষ্ঠানিক কাঠামো আরও শক্তিশালী করা হবে। পাশাপাশি বিদেশ ফেরত পেশাজীবীরা যেন তাঁদের অভিজ্ঞতা দেশের শিল্পখাতে কাজে লাগাতে পারেন, সে লক্ষ্যে নীতিগত সহায়তা দেওয়ার আশ্বাস দেন তিনি।
আলোচনা সভায় প্রবাসী প্রতিনিধিরা ভাষা প্রশিক্ষণ কেন্দ্রগুলোর জন্য জাতীয় স্বীকৃতি বা অ্যাক্রেডিটেশন ব্যবস্থা চালু, প্রশিক্ষকদের জন্য বিশেষায়িত প্রশিক্ষণ এবং জাপানের শ্রমবাজারের চাহিদার সাথে বৃত্তিমূলক শিক্ষার সুসমন্বয়ের প্রস্তাব তুলে ধরেন।
অনুষ্ঠানে উপ-দূতাবাস বা দূতাবাসের কর্মকর্তা, স্থানীয় ব্যবসায়ী নেতা, প্রবাসী প্রতিনিধি এবং জাপানের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

