গাকৃবিতে আন্তর্জাতিক শিক্ষার্থীদের নিয়ে প্রশিক্ষণ ও মতবিনিময় সভা ‘গাকৃবিকে বৈশ্বিক উচ্চশিক্ষার গ্লোবাল হাব করতে চাই’—উপাচার্য মোঃ নাসির উদ্দিন
গাজীপুর জেলা প্রতিনিধি
গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে (গাকৃবি) অধ্যয়নরত আন্তর্জাতিক শিক্ষার্থীদের নিয়ে ‘Green Campus, Global Minds: International Students Shaping the Future of GAU’ শীর্ষক প্রশিক্ষণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেলে বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিওরেন্স সেল (আইকিউএসি)-এর উদ্যোগে আইকিউএসি সেমিনার কক্ষে এ প্রশিক্ষণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে গাকৃবিতে বিএস, এমএস ও পিএইচডি পর্যায়ে অধ্যয়নরত পাকিস্তান, নাইজেরিয়া, ইথিওপিয়া ও নেপাল থেকে আগত আন্তর্জাতিক শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
প্রশিক্ষণ ও মতবিনিময় অনুষ্ঠানে আলোচক হিসেবে বক্তব্য দেন গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. জি.কে.এম. মোস্তাফিজুর রহমান, গাজীপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. নূরুল করিম ভূঁইয়া, ট্রেজারার প্রফেসর ড. মো. সাইফুল ইসলাম আফ্রাদ, প্রক্টর প্রফেসর ড. মোহাম্মদ সাইফুল আলম, আন্তর্জাতিক বিষয়ক পরিচালক প্রফেসর ড. মো. আমজাদ হোসেন এবং সহযোগী পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ শফিকুল আলম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইকিউএসি পরিচালক প্রফেসর ড. নাসরীন আক্তার আইভী। এ সময় পরিচালক (গবেষণা) প্রফেসর ড. মো. মসিউল ইসলাম, রেজিস্ট্রার মো. আবদুল্লাহ মৃধা, গাজীপুর জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এম. রকিবুল হাসান এবং সহকারী কমিশনার (মিডিয়া ও রিসার্চ সেল) মো. আরিফ হোসাইন উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে ‘Discovering GAU’ শীর্ষক গাকৃবির ঐতিহাসিক অগ্রযাত্রা ও অর্জন নিয়ে একটি ভিজ্যুয়াল ডকুমেন্টারি প্রদর্শন করা হয়। পরে বিভিন্ন দেশ থেকে আসা আন্তর্জাতিক শিক্ষার্থীদের পরিচয়পর্ব অনুষ্ঠিত হয়। শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে উদ্বোধনী বক্তব্য দেন ছাত্রকল্যাণ বিষয়ক পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ শরীফ রায়হান। পরে আন্তর্জাতিক শিক্ষার্থীদের শুভেচ্ছা স্মারক পুরস্কার প্রদান করা হয়।
আলোচনায় উপাচার্য প্রফেসর ড. জি.কে.এম. মোস্তাফিজুর রহমান বলেন, “আমরা বিদেশি শিক্ষার্থীদের নিয়ে ‘গ্লোবাল মাইন্ডস’ গড়ে তুলতে চাই। তবে তার আগে গাকৃবিকে বিদেশি শিক্ষার্থীদের উচ্চশিক্ষার জন্য একটি ‘গ্লোবাল হাব’ হিসেবে গড়ে তুলতে চাই।”
তিনি আরও বলেন, এমন একটি পরিবেশ তৈরি করতে চান যেখানে বিশ্বের বিভিন্ন প্রান্তের শিক্ষার্থীরা গাকৃবিতে এসে নিরাপদ, স্বাচ্ছন্দ্য ও মর্যাদার সঙ্গে পড়াশোনা করতে পারবেন। একই সঙ্গে তারা নিজেদের সংস্কৃতি ও অভিজ্ঞতা বাংলাদেশের শিক্ষার্থীদের সঙ্গে বিনিময় করার সুযোগ পাবেন।
আলোচনার একপর্যায়ে গাজীপুরের জেলা প্রশাসক ‘সবুজ গাকৃবি: শান্তি ও দূষণমুক্ত নির্মল ক্যাম্পাস’ শিরোনামে আলোচনা করেন। তিনি বলেন, গাজীপুর জেলা প্রশাসন ও গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় যৌথভাবে কাজ করে গাজীপুরকে আরও সবুজ, বসবাসযোগ্য ও দূষণমুক্ত করতে চায়।
এ সময় তিনি সরকার ঘোষিত পাঁচ বছরে দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিসহ বিভিন্ন পরিবেশবান্ধব উদ্যোগের কথা তুলে ধরে পরিবেশ সংরক্ষণে শিক্ষার্থীদের সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।
পরে অতিথিদের সঙ্গে আন্তর্জাতিক শিক্ষার্থীদের উন্মুক্ত আলোচনা ও প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। এতে শিক্ষার্থীরা গাকৃবিতে তাদের ক্যাম্পাস জীবনের অভিজ্ঞতা, প্রত্যাশা, বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও একাডেমিক দায়িত্বশীলরা শিক্ষার্থীদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং তাদের মতামত গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন।
শেষে অতিথিদের সঙ্গে আন্তর্জাতিক শিক্ষার্থীদের গ্রুপ ফটোসেশন ও নৈশভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

