ডার্ক মোড
Wednesday, 30 September 2026
ePaper   
Logo
শিল্পনগরী নাকি বিষনগরী? শিরোমণিতে ফের সীসা গলানোর অভিযোগ

শিল্পনগরী নাকি বিষনগরী? শিরোমণিতে ফের সীসা গলানোর অভিযোগ

রেজোয়ান রাজা, ফুলতলা (খুলনা) 
 
খুলনার বিসিক শিল্পনগরী শিরোমণিতে হ্যামকো কোম্পানি এবং তার সহযোগী প্রতিষ্ঠান মের্সাস আলহাজ্ব মোক্তার মেটালের আবারও সীসা গলানোর কার্যক্রম চালু। অদৃশ্য শক্তির জোরে, ২০২৫ সালে ম্যাজিট্রেট কর্তৃক সীলগলা করা, বন্ধ হওয়া প্রতিষ্ঠান মের্সাস আলহাজ্ব মোক্তার মেটাল প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে সরকারী ছুটির দিনে অর্থা্ৎ শুক্র ও শনিবার দিন-রাত প্রায় ২৪ ঘণ্টা সীসা গলিয়ে যাচ্ছে। এতে বিষাক্ত ধোঁয়া ও তীব্র গন্ধ ছড়িয়ে পড়ছে আশপাশের কয়েক কিলোমিটার এলাকা জুড়ে।
 
স্থানীয়দের ভাষ্য, হ্যামকো কোম্পানির ২৪ ঘণ্টা সীসা গলানোর কারণে আমরা অতিষ্ট অন্য দিকে মের্সাস আলহাজ্ব মোক্তার মেটাল বছর খানেক কার্যক্রম বন্ধ থাকার পর ফের সীসা গলানোর কাজ শুরু হয়েছে। মোক্তার মেটাল থেকে নির্গত ধোঁয়া ও গন্ধে শিরোমণি ও আশপাশের কয়েকটি এলাকা ছড়িয়ে পড়ছে ফলে মানুষ চরম দুর্ভোগে পড়েছেন। একদিকে কারখানা, অন্যদিকে জনবসতি—মাঝখানে বিষাক্ত ধোঁয়া!
 
সবচেয়ে বড় উদ্বেগের বিষয়, বিসিক শিল্প এলাকার আশপাশেই রয়েছে  খুলনা জেলা পুলিশ লাইন্স, আরএমডিপি (এপিবিএন), খানজাহান আলী আদর্শ মহাবিদ্যালয়, শিরোমণি বাজার এবং পূর্বে বৃহৎ কেডিএ আবাসিক এলাকার প্রায় ১৫ হাজার মানুষ, উত্তরে রয়েছে গিলাতলা মাধ্যমিক বিদ্যালয়, পশ্চিমে রয়েছে গিলাতলা আহমাদিয়া দাখিল মাদ্রাসা, ক্যান্টনমেন্ট স্কুল এন্ড কলেজ, বাংলাদেশ আর্মি ইউনির্ভাসিটি, জাহানাবাদ ক্যান্টনমেন্ট সহ আশ পাশের হাজারো মানুষ  চরম ঝুঁকির মধ্যে বাস করছেন। ফলে শুধু শ্রমিক নয়, এলাকার শিশু, শিক্ষার্থী, রোগী, বয়স্ক ও সাধারণ বাসিন্দারাও দীর্ঘমেয়াদি দূষণের ঝুঁকিতে পড়ছেন বলে আশঙ্কা স্থানীয়দের।
 
স্থানীয় কয়েকজন বাসিন্দার অভিযোগ, সীসা গলানোর সময় বিশেষ করে রাতের দিকে তীব্র গন্ধ ও ধোঁয়া ছড়িয়ে পড়ে। জানালা-দরজা বন্ধ রেখেও দুর্গন্ধ থেকে রক্ষা পাওয়া যায় না বলে দাবি তাদের। এক বাসিন্দা বলেন, হ্যামকো ও মোক্তার মেটালের ধোঁয়া ও গন্ধে আমরা অতিষ্ঠ। সন্তানদের নিয়ে আতঙ্কে থাকতে হয়। কর্তৃপক্ষ দ্রুত ব্যবস্থা না নিলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে। আরেক বাসিন্দার অভিযোগ, “আগেও অভিযোগ উঠেছিল। কিছুদিন বন্ধ থাকার পর আবার চালু হয়েছে অবৈধ সীসা গলানো কারখানা মোক্তার মেটালের । আমরা চাই, কর্তৃপক্ষ সরেজমিনে এসে তদন্ত করুক।
 
সীসা একটি বিষাক্ত ভারী ধাতু। দীর্ঘমেয়াদি সীসা-সংস্পর্শ মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে। বিশেষ করে শিশুদের ক্ষেত্রে বিষয়টি উদ্বেগের। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে বিষয়টি নিয়ে নানা আলোচনা ও অভিযোগ থাকলেও স্থায়ী সমাধান হয়নি। ফলে প্রশ্ন উঠেছে—কারখানার কার্যক্রম নিয়মিত পরিবেশগত নজরদারির আওতায় রয়েছে কি না। বিসিক কর্তৃপক্ষ, পরিবেশ অধিদপ্তর ও স্থানীয় প্রশাসনের সমন্বিত তদন্তের দাবি জানিয়েছেন এলাকাবাসী।
 
আটরা-গিলাতলার মানুষ এখন অপেক্ষায় অভিযোগের সত্যতা যাচাই করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কবে কার্যকর পদক্ষেপ নেয়, না কি হাজারো মানুষের জীবন নাশের খেলা চলবে এভাবেই।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন