কুলিয়ারচরে একদিনে ছয় আসামি গ্রেপ্তার
ফরজানা আক্তার, কুলিয়ারচর (কিশোরগঞ্জ)
কিশোরগঞ্জের কুলিয়ারচর থানা পুলিশ একদিনের বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন মামলার ছয়জন আসামিকে গ্রেপ্তার করেছে এবং পরবর্তীতে তাদের আদালতে সোপর্দ করেছে।
গোপন সংবাদের ভিত্তিতে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) নেতৃত্বে উপ-পরিদর্শক (এসআই) সুজন বিশ্বাস ও তাঁর সঙ্গীয় ফোর্স বুধবার সকালে এই লক্ষ্যভিত্তিক অভিযান পরিচালনা করেন।
গ্রেপ্তারকৃতরা হলেন—মাদক ব্যবসায়ী মো. মঞ্জিল মিয়া (৬৫) ও মো. আনোয়ার হোসেন (৪৮)। এছাড়া ভ্রাম্যমাণ আদালত কর্তৃক ১ বছরের সাজাপ্রাপ্ত আসামি কালাম মিয়া (৪৫) এবং একটি মাদক মামলায় ৩ মাসের কারাদণ্ডপ্রাপ্ত আসামি রাসেল মিয়া ওরফে লেবা (৩৫)-কে পুলিশ গ্রেপ্তার করে। একই অভিযানে চুরির মামলায় ওয়ারেন্টভুক্ত দুই আসামি রইছ উদ্দিন (৪০) ও আজিজ মিয়া (২৫)-কে হেফাজতে নেওয়া হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃত মঞ্জিল মিয়ার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের বিভিন্ন ধারায় পূর্বের আরও ৬টি মামলা রয়েছে এবং আনোয়ার হোসেনের বিরুদ্ধে ডাকাতি ও চাঁদাবাজির ২টি মামলা রয়েছে। অভিযানকালে পুলিশ মঞ্জিল মিয়া ও আনোয়ার হোসেনের কাছ থেকে আনুমানিক ৯,০০০ টাকা মূল্যের ৩০০ গ্রাম গাঁজা উদ্ধার করে। মঞ্জিল মিয়া পূর্ব গাইলকাটা উপজেলার মৃত মুর্শিদ মিয়ার ছেলে এবং আনোয়ার হোসেন জয়নাল আবেদীনের ছেলে।
অভিযানের বিষয়ে কুলিয়ারচর থানার ওসি কাজী আরিফ উদ্দিন বলেন, এই অঞ্চল থেকে মাদকের অভিশাপ সম্পূর্ণ নির্মূল করতে মাদকবিরোধী এমন অভিযান এবং কঠোর নজরদারি অব্যাহত থাকবে।

