ডার্ক মোড
Thursday, 10 September 2026
ePaper   
Logo
আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংককে আধুনিকায়নে সচিবালয়ে উচ্চপর্যায়ের মতবিনিময় সভা

আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংককে আধুনিকায়নে সচিবালয়ে উচ্চপর্যায়ের মতবিনিময় সভা

স্টাফ রিপোর্টার

আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংককে একটি আধুনিক, দক্ষ, ডিজিটাল ও জবাবদিহিমূলক প্রতিষ্ঠানে রূপান্তরের লক্ষ্যে বাংলাদেশ সচিবালয়ে এক উচ্চপর্যায়ের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

গত বুধবার (৯ সেপ্টেম্বর) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারকের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্য ও উর্ধতন কর্মকর্তাদের উপস্থিতিতে সার্বিক সংস্কার কার্যক্রম ও পারফরম্যান্স পর্যালোচনা করা হয়।

সভায় আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বাংলাদেশ আনসার ও ভিডিপির মহাপরিচালক এবং ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।

সভার শুরুতে ব্যাংকের বর্তমান কার্যক্রম, সাম্প্রতিক অগ্রগতি, বিদ্যমান চ্যালেঞ্জ এবং প্রযুক্তিভিত্তিক আর্থিক সেবা সম্প্রসারণের লক্ষ্যে ভবিষ্যৎ কর্মপরিকল্পনা সংক্রান্ত একটি তথ্যবহুল উপস্থাপনা প্রদর্শন করা হয়। উপস্থাপনা শেষে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারক ব্যাংকের পরিচালনাগত চ্যালেঞ্জগুলো চিহ্নিত করে বেশ কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা প্রদান করেন। এ সময় তিনি আনসার-ভিডিপি সদস্যদের আর্থিক উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে লাভজনক ও উৎপাদনশীল খাতে বিনিয়োগ বাড়ানোর ওপর বিশেষ জোর দেন।

সভায় ব্যাংকের প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধিতে শূন্য পদগুলোতে দ্রুত জনবল নিয়োগ, দক্ষ জনবলের সঠিক ব্যবহার নিশ্চিতকরণ, পরিশোধিত মূলধন বৃদ্ধি, বিদ্যমান আইন-কানুন আধুনিকায়ন এবং করপোরেট সুশাসন নিশ্চিত করার বিষয়ে বিশদ আলোচনা হয়।

এর পাশাপাশি ২০২৩-২০২৪ অর্থবছরে ব্যাংকের লোকসানের মূল কারণগুলো উদঘাটন, অবলোপনকৃত ঋণ (written-off loans) পুনরুদ্ধারে বাংলাদেশ ব্যাংকের নীতিমালা অনুযায়ী কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং সার্বিক ঋণ ব্যবস্থাপনা জোরদার করার নির্দেশনা দেওয়া হয়। প্রশাসনিক কার্যক্রম আরও সহজ ও গতিশীল করতে ২০২৯ সালের মধ্যে এইচআর অটোমেশন (HR Automation) এবং এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিং (ERP) বাস্তবায়নের ওপরও গুরুত্বারোপ করা হয়।

উক্ত মতবিনিময় সভায় আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মীর মোফাজ্জল হোসেন, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব মো. আজিমুদ্দিন বিশ্বাস, মো. সাঈদ কুতুব ও আবু সালেহ মো. মফিজুদ্দীন খাঁ এবং যুগ্ম সচিব ফরিদা ইয়াসমিনসহ উর্ধতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন