Dark Mode
Friday, 04 September 2026
ePaper   
Logo
ফটিকছড়ির সীমান্তে বিজিবির নতুন বিওপি ‘রহমতপুর’

ফটিকছড়ির সীমান্তে বিজিবির নতুন বিওপি ‘রহমতপুর’

ফটিকছড়ি প্রতিনিধি:
ফটিকছড়ি উপজেলার সীমান্তবর্তী রহমতপুর এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) নতুন বর্ডার অবজারভেশন পোস্ট (বিওপি) ‘রহমতপুর’ উদ্বোধন করা হয়েছে। সীমান্তে নজরদারি জোরদার এবং চোরাচালান, মাদক, মানব পাচার ও অবৈধ অস্ত্রের পাচার প্রতিরোধে এই বিওপি স্থাপন করা হয়েছে।

বুধবার (২ সেপ্টেম্বর) আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে নতুন বিওপিটির উদ্বোধন করেন বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী।
অনুষ্ঠানে চট্টগ্রাম রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল সোহেল আহমেদ, পিবিজিএম, বিজিএম, পিএসসি, বিজিবির অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন), অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন ও প্রশিক্ষণ), গুইমারা সেক্টর কমান্ডার এবং রামগড় ব্যাটালিয়নের (৪৩ বিজিবি) অধিনায়কসহ বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিজিবি সূত্র জানায়, সীমান্ত নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে রহমতপুর এলাকায় নতুন এই বিওপি স্থাপন করা হয়েছে। এর ফলে ওই এলাকায় বিজিবির টহল ও নজরদারি আরও বাড়বে। পাশাপাশি সীমান্ত দিয়ে চোরাচালান, মানব পাচার, মাদক ও অবৈধ অস্ত্র পাচারসহ বিভিন্ন অপরাধের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার সুযোগ তৈরি হবে।
রামগড় ব্যাটালিয়নের (৪৩ বিজিবি) দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় নতুন বিওপি স্থাপনের মাধ্যমে বিজিবির স্থায়ী উপস্থিতি আরও জোরদার হলো। সংশ্লিষ্ট কর্মকর্তারা মনে করছেন, নতুন বিওপি চালু হওয়ায় সীমান্তের দুর্গম এলাকাগুলোতে টহল ও নজরদারি কার্যক্রম আরও কার্যকর হবে।
বিজিবি সূত্র আরও জানায়, ১৭৯৫ সালে ৪৪৮ জন সৈনিক নিয়ে তৎকালীন ‘রামগড় লোকাল ব্যাটালিয়ন’ গঠনের মধ্য দিয়ে এ অঞ্চলে সীমান্তরক্ষার কার্যক্রম শুরু হয়। পরবর্তী সময়ে বিভিন্ন পরিবর্তনের মধ্য দিয়ে গড়ে ওঠা রামগড় ব্যাটালিয়ন বর্তমানে সীমান্ত নিরাপত্তা রক্ষার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
নতুন ‘রহমতপুর’ বিওপি স্থাপনের ফলে ফটিকছড়ির সীমান্ত এলাকায় বিজিবির টহল, নজরদারি ও অভিযান পরিচালনা আরও সহজ এবং কার্যকর হবে বলে আশা করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

Comment / Reply From

You May Also Like

Vote / Poll

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলা বন্ধ করতে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্যোগ যথেষ্ট বলে মনে করেন কি?

View Results
হ্যাঁ
0%
না
0%
মন্তব্য নেই
0%

Archive

Please select a date!