জ্বালানি সংকট ও শরীয়াহবিরোধী ‘হেবা আইন’ পাশ জনরায়ের সঙ্গে প্রতারণার শামিল: প্রফেসর লোকমান হাকীম
মাসুদ রানা, বরিশাল অফিস
জ্বালানি সংকট নিরসনে সরকারের ব্যর্থতা এবং শরীয়াহবিরোধী ‘হেবা আইন’ পাশের প্রতিবাদে বরিশালে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগর শাখা।
আজ শুক্রবার নগরীর টাউন হল চত্বরে আয়োজিত বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগর শাখার সভাপতি প্রফেসর লোকমান হাকীম। সমাবেশ ও বিক্ষোভ মিছিল সঞ্চালনা করেন মাওলানা আবুল খায়ের আশরাফী।
সভাপতির বক্তব্যে প্রফেসর লোকমান হাকীম বলেন, “দেশের মানুষ যখন জ্বালানি সংকট, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও নানামুখী জনদুর্ভোগে জর্জরিত, তখন জনগণের মৌলিক সমস্যা সমাধানে কার্যকর পদক্ষেপ না নিয়ে শরীয়াহবিরোধী ‘হেবা আইন’ পাশ করা জনরায়ের সঙ্গে প্রতারণার শামিল।”
তিনি বলেন, জনগণের ধর্মীয় মূল্যবোধ ও প্রত্যাশার প্রতি সম্মান দেখিয়ে রাষ্ট্র পরিচালনা করতে হবে। জনগণের মতামত ও ধর্মীয় মূল্যবোধের পরিপন্থী কোনো আইন চাপিয়ে দেওয়া হলে তা জনগণ মেনে নেবে না।
তিনি আরও বলেন, জ্বালানি সংকটের কারণে সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা চরম দুর্ভোগের শিকার হচ্ছেন। এই সংকট মোকাবিলায় দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। একই সঙ্গে শরীয়াহ ও জনস্বার্থবিরোধী আইন বাতিলের দাবি জানান তিনি।
সমাবেশে বক্তারা বলেন, জনগণের ওপর কোনো বিতর্কিত আইন চাপিয়ে না দিয়ে জনমতকে গুরুত্ব দিতে হবে। দেশের চলমান জ্বালানি সংকট ও জনদুর্ভোগ নিরসনে সরকারকে অবিলম্বে কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানান তারা।
পরে নেতৃবৃন্দের নেতৃত্বে টাউন হল চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
সমাবেশে আরও বক্তব্য রাখেন বরিশাল মহানগর শাখার সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক মাওলানা জাকারিয়া হামিদী, মাওলানা লুৎফর রহমান, মুহাম্মাদ জাকির হোসেন কাফরা, জয়েন্ট সেক্রেটারি মাওলানা আব্দুল আজিজ, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা নাসির উদ্দীন নাইস, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগর শাখার সভাপতি সৈয়দ নাসির আহমদ কাউসার, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা আবু জাফর, ইসলামী আইনজীবী পরিষদের সভাপতি অ্যাডভোকেট শেখ আব্দুল্লাহ নাসের, ইসলামী যুব আন্দোলনের সভাপতি হাফেজ মাওলানা রেজাউল করিম, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের নগর সভাপতি মুহাম্মাদ সিরাজুল ইসলাম, বরিশাল বিশ্ববিদ্যালয়ের এস. এম. হাসিবুল্লাহ এবং বিএম কলেজের সভাপতি মুহাম্মাদ ইমাম হাসানসহ সর্বস্তরের নেতৃবৃন্দ।
মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন
আপনি ও পছন্দ করতে পারেন
সর্বশেষ
জনপ্রিয়
আর্কাইভ!
অনুগ্রহ করে একটি তারিখ নির্বাচন করুন!
দাখিল করুন

