শরণখোলায় কোস্ট গার্ডের বিনামূল্যে চিকিৎসা সেবা ও সচেতনতামূলক কর্মসূচি
স্টাফ রিপোর্টার
বাগেরহাটের শরণখোলা উপজেলায় বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান, জরুরি ওষুধ বিতরণ এবং এক জনসচেতনতামূলক কর্মসূচি পরিচালনা করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
সোমবার বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, উপকূলীয় ও নদ-নদী অববাহিকার জনগোষ্ঠীর জন্য মানবিক সহায়তার অংশ হিসেবে বাংলাদেশ কোস্ট গার্ড নিয়মিত বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদানে এ ধরনের মেডিকেল ক্যাম্পের আয়োজন করে আসছে।
এরই ধারাবাহিকতায়, কোস্ট গার্ড বেস মংলার ব্যবস্থাপনায় সোমবার বেলা ১১:৩০ টা থেকে দুপুর ৩:৩০ টা পর্যন্ত শরণখোলার রায়েন্দা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে এক মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। ক্যাম্প চলাকালীন ২৫৫ জন দুস্থ ও সাধারণ মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা এবং প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয়।
তাছাড়া, শিক্ষার্থীদের সৃজনশীলতা বিকাশ, নৈতিক মূল্যবোধ বৃদ্ধি, মাদকবিরোধী সচেতনতা তৈরি, দেশপ্রেম, শৃঙ্খলাবোধ এবং আইন মান্য করার মানসিকতা গঠনে স্কুলটিতে একটি সচেতনতামূলক প্রচারণাও চালানো হয়।
কোস্ট গার্ডের কর্মকর্তা আরও জানান, সাধারণ মানুষের কল্যাণে এ ধরনের জনসেবামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

