ডার্ক মোড
Friday, 03 July 2026
ePaper   
Logo
মিয়ানমারে পাচারের সময় ৬০০ বস্তা সিমেন্টসহ ৫ চোরাকারবারিকে আটক করল কোস্ট গার্ড

মিয়ানমারে পাচারের সময় ৬০০ বস্তা সিমেন্টসহ ৫ চোরাকারবারিকে আটক করল কোস্ট গার্ড

চট্টগ্রাম ব্যুরো

সরকারি শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে মিয়ানমারে পাচারের সময় ৬০০ বস্তা সিমেন্ট বোঝাই একটি কাঠের নৌকা জব্দ এবং পাঁচজন চোরাকারবারিকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

শুক্রবার বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফট্যানেন্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, গত বৃহস্পতিবার (২ জুলাই) সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে কোস্ট গার্ড আউটপোস্ট পতেঙ্গার একটি দল এই বিশেষ অভিযান পরিচালনা করে। চট্টগ্রামের পতেঙ্গা থানার অধীন ১৫ নম্বর ঘাট এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এই অপারেশন চালানো হয়।

অভিযানকালে কোস্ট গার্ডের সদস্যরা একটি সন্দেহভাজন কাঠের নৌকাকে থামান। পরবর্তীতে সেটিতে তল্লাশি চালিয়ে আনুমানিক ৩ লাখ টাকা মূল্যের ৬০০ বস্তা সিমেন্ট উদ্ধার করা হয়। এ সময় নৌকায় থাকা ৫ জনকে তাৎক্ষণিকভাবে আটক এবং নৌকাটি জব্দ করা হয়।

আটককৃত চোরাকারবারি, জব্দকৃত সিমেন্ট এবং অপরাধে ব্যবহৃত নৌকার বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আন্তঃসীমান্ত চোরাচালান চক্রের নেটওয়ার্ক ধ্বংস করতে কোস্ট গার্ড সর্বদা সজাগ রয়েছে এবং তাদের এমন কঠোর অভিযান অব্যাহত থাকবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন