ডার্ক মোড
Wednesday, 29 July 2026
ePaper   
Logo
দিনাজপুরে জিয়াউর রহমান ফাউন্ডেশনের বৃক্ষরোপণ

দিনাজপুরে জিয়াউর রহমান ফাউন্ডেশনের বৃক্ষরোপণ

মাহিদুল ইসলাম রিপন দিনাজপুর

মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দেশব্যাপী গৃহীত কর্মসূচির অংশ হিসেবে দিনাজপুরে বৃক্ষরোপণ ও শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২ জুলাই) দিনাজপুর সদর উপজেলার উপশহরস্থ তফিউদ্দীন মেমোরিয়াল হাই স্কুলে আয়োজিত এই কর্মসূচিতে প্রায় ৩৫০টি ফলজ ও ভেষজ গাছের চারা বিতরণ করা হয়। বিতরণকৃত চারাগুলোর মধ্যে আম, জাম, কাঁঠাল, পেয়ারা, আমড়া, জাম্বুরা, তেঁতুল, আমলকি, জারুল, বাতাবি লেবু, কামরাঙা, জয়তুন, বেল, ইপিল ইপিল, মেহগনি ও দেশি নিম উল্লেখযোগ্য।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন দিনাজপুর জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল। তিনি বলেন, শহীদ জিয়ার আদর্শকে ধারণ করে পরিবেশ রক্ষায় এই ধরনের কর্মসূচি প্রশংসার দাবি রাখে। আগামীতে এধরনের কর্মসূচি গ্রহণ করা হলে আগামীর সবুজ বাংলাদেশ হবে আমাদের।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি। স্বাগত বক্তব্য রাখেন হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের সদস্য কৃষিবিদ প্রফেসর মো. হাসানুজ্জামান।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের সদস্য কৃষিবিদ আবু তারিক এস এ সিদ্দিকী।

কর্মসূচির শুরুতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মরণে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া পরিচালনা করেন কৃষিবিদ হুমায়ুন কবির। এরপর আয়োজিত আলোচনা সভায় বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মুক্তিযুদ্ধ ও দেশ গঠনে তাঁর অসামান্য অবদান এবং গণতন্ত্র উত্তরণে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ভূমিকার কথা শ্রদ্ধাভরে স্মরণ করেন। পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা এবং চারা রোপণের পর গাছের যথাযথ পরিচর্যা, সার প্রয়োগ ও সেচ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন আলোচকরা।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন তফিউদ্দীন মেমোরিয়াল হাই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. শহীদুজ্জামান, গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক কৃষিবিদ ড. মাহফুজ বাজ্জাজ, বিএডিসি ঠাকুরগাঁওয়ের উপ-পরিচালক কৃষিবিদ মো. ফারুক হোসেন, ইঞ্জিনিয়ার আবু সাঈদ বাদশা, দিনাজপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. শেখ সাদেক আলী, ড্যাব দিনাজপুরের সাধারণ সম্পাদক ডা. মো. জিয়াউল হক, ডা. মো. শফিউল হক এবং স্থানীয় কৃষি ও প্রাণিসম্পদ কর্মকর্তাবৃন্দসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।
কর্মসূচিতে ওই বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও বিপুল সংখ্যক শিক্ষার্থী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

 

 

 

 

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন