বাঁশখালীতে বন্যাদুর্গতদের বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ দিল কোস্ট গার্ড
চট্টগ্রাম ব্যুরো
চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় আজ দিনব্যাপী একটি বিশেষ মেডিকেল ক্যাম্প পরিচালনা করে বন্যাদুর্গত স্থানীয় বাসিন্দাদের বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
আজ বুধবার রাতে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।
উপকূলীয় ও নদীতীরবর্তী সুবিধাবঞ্চিত মানুষের স্বাস্থ্যসেবা ও মানবিক সহায়তা প্রদানের নিয়মিত প্রতিশ্রুতির অংশ হিসেবে কোস্ট গার্ড পূর্ব জোন বাঁশখালীর শেখেরখীল-১ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই মেডিকেল ক্যাম্পের আয়োজন করে। সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত বিরতিহীনভাবে এই সেবা কার্যক্রম পরিচালিত হয়।
কর্মসূচি চলাকালে কোস্ট গার্ডের একটি বিশেষায়িত মেডিকেল টিম পানিবাহিত বিভিন্ন রোগ ও সাধারণ স্বাস্থ্য সমস্যায় আক্রান্ত মোট ৬৭৬ জন বন্যাদুর্গত রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা, স্বাস্থ্য পরীক্ষা এবং ব্যবস্থাপত্র অনুযায়ী প্রয়োজনীয় ওষুধ বিতরণ করে।

