ডার্ক মোড
Wednesday, 14 October 2026
ePaper   
Logo
নতুন রূপে নগদ অ্যাপ: ডিজিটাল লেনদেনে উন্মোচিত হলো নতুন সম্ভাবনা

নতুন রূপে নগদ অ্যাপ: ডিজিটাল লেনদেনে উন্মোচিত হলো নতুন সম্ভাবনা

বিজনেস নিউজ ২৪ বিডি ডটকম

ডিজিটাল আর্থিক লেনদেনকে আরও দ্রুত, সহজ ও নিরাপদ করতে নতুন আঙ্গিকে ও নতুন ডিজাইনে মোবাইল অ্যাপ চালু করেছে বাংলাদেশ ডাক বিভাগের মোবাইল ফাইনান্সিয়াল সার্ভিস 'নগদ'। ব্যবহারবান্ধব ইন্টারফেস এবং অত্যাধুনিক প্রযুক্তিতে তৈরি এই নতুন অ্যাপটি গ্রাহকদের দৈনন্দিন লেনদেনের অভিজ্ঞতাকে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

দেশের আর্থিক খাতের অন্যতম নিরাপদ হিসেবে নির্মিত চমৎকার নান্দনিক ডিজাইনের এই অ্যাপটি পর্যায়ক্রমে আরও আধুনিক ও সহজবোধ্য করা হবে এবং ভবিষ্যতে এতে যুক্ত হবে আরও নতুন নতুন ফিচার।

নগদের নতুন অ্যাপটি এখন গুগল প্লে স্টোর ও অ্যাপল অ্যাপ স্টোরে পাওয়া যাচ্ছে। ডিজিটাল সেবা নিরবচ্ছিন্ন রাখতে নতুন কোনো লেনদেন করার আগে গ্রাহকদের বর্তমান অ্যাপটি আপডেট করে নেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।

নতুন অ্যাপ চালুর ফলে নগদে লেনদেনের অভিজ্ঞতা হয়েছে আরও মসৃণ ও স্বাচ্ছন্দ্যময়। অন্যান্য ফাইনান্সিয়াল সার্ভিস অ্যাপের তুলনায় এই অ্যাপটির রেসপন্স, লোড ও ল্যাগ টাইম লক্ষণীয়ভাবে কম। গ্রাহকদের সুবিধার্থে বহুল ব্যবহৃত ফিচারগুলোকে সুবিন্যস্তভাবে সাজানো হয়েছে। সহজ ও অনাড়ম্বর ডিজাইনের কারণে প্রান্তিক জনগোষ্ঠীও এটি অত্যন্ত সহজে ব্যবহার করতে পারবেন। পেমেন্ট, সেন্ড মানি, মোবাইল রিচার্জ, ক্যাশ আউট, ইউটিলিটি বিল পেমেন্ট এবং ইন্টারঅপারেবিলিটির মতো মূল সেবাসমূহের মাধ্যমে গ্রাহকদের লেনদেনের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করা হয়েছে, যা দেশকে ক্যাশলেস সোসাইটির দিকে এগিয়ে নিতে সহায়ক ভূমিকা পালন করবে। এছাড়া খুব শিগগিরই ঋণ, ফিক্সড ডিপোজিট ও বীমাসহ আরও বিভিন্ন আর্থিক সেবা যুক্ত করা হবে।

লেনদেনসংক্রান্ত ডিজিটাল প্রতারণার ঝুঁকি কমাতে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। নিরাপত্তা জোরদারে যুক্ত করা হয়েছে ‘ডিভাইস বাইন্ডিং’ (Device Binding) ফিচার, যা গ্রাহকের অ্যাকাউন্টকে সুরক্ষিত রাখবে। সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে অ্যাপটিতে আন্তর্জাতিক মানের বহুস্তরবিশিষ্ট নিরাপত্তা কাঠামো ব্যবহার করা হয়েছে। প্রতারণা ও এআই (AI) ভিত্তিক হ্যাকিং প্রতিরোধে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি সংযুক্ত করা হয়েছে, যা সন্দেহভাজন যেকোনো নিরাপত্তা ঝুঁকি রিয়েল-টাইমে শনাক্ত ও প্রতিরোধ করতে সক্ষম।

এ বিষয়ে নগদে বাংলাদেশ ব্যাংক কর্তৃক নিযুক্ত প্রশাসক মো. মোতাসেম বিল্লাহ বলেন, "সর্বোচ্চ গ্রাহকসুবিধা এবং আর্থিক নিরাপত্তাকে অগ্রাধিকার দিয়ে নতুন অ্যাপটি উন্মোচন করা হয়েছে। আমরা আধুনিক ব্যবহারবান্ধব অভিজ্ঞতার সাথে একটি শক্তিশালী নিরাপত্তা কাঠামোর সমন্বয় ঘটিয়েছি। এর ফলে গ্রাহকরা তাদের তথ্য ও অর্থ সুরক্ষিত রেখে আরও সহজে ও দ্রুত দৈনন্দিন ডিজিটাল লেনদেন সম্পন্ন করতে পারবেন।"

নগদের মূল লক্ষ্য এমন একটি ইকোসিস্টেম তৈরি করা যেখানে গ্রাহকরা এই একটি মাত্র অ্যাপ থেকেই তাদের দৈনন্দিন সমস্ত আর্থিক লেনদেন সম্পন্ন করতে পারবেন উল্লেখ করে তিনি আরও জানান, গ্রাহকদের পরিবর্তনশীল আর্থিক চাহিদা পূরণে নতুন অ্যাপটিতে নিরবচ্ছিন্নভাবে নতুন নতুন সেবা ও নিরাপত্তা ফিচার যুক্ত করা হবে।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন