অবশেষে হিলি বন্দর দিয়ে কাঁচামরিচ আমদানি শুরু, এলো ২১ মেট্রিক টন
মাহিদুল ইসলাম রিপন দিনাজপুর প্রতিনিধি
দীর্ঘ ৯ মাস বন্ধ থাকার পর আবারও ভারত থেকে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে কাঁচামরিচ আমদানি শুরু হয়েছে। দেশের বাজারে কাঁচামরিচের লাগামহীন দাম নিয়ন্ত্রণে সরকারের বিশেষ অনুমতির পর প্রথম চালানের কাঁচামরিচ হিলি বন্দরে পৌঁছায়।
সোমবার (৩ আগস্ট) বিকেলে তিনটি ট্রাকে করে প্রথম চালানের ২১ মেট্রিক টন কাঁচামরিচ হিলি বন্দরে পৌঁছায়। এতে বাজারে সরবরাহ বাড়বে এবং অল্প সময়ের মধ্যেই দামে ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করছেন ব্যবসায়ীরা।
হিলি স্থলবন্দর উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্র সূত্রে জানা গেছে, বাজারে কাঁচামরিচের সংকট ও মূল্যবৃদ্ধি মোকাবিলায় হিলি বন্দরের ১৬ জন আমদানিকারককে মোট ৫ হাজার ১৫০ মেট্রিক টন কাঁচামরিচ আমদানির অনুমতি দেওয়া হয়েছে। অনুমোদিত এসব মরিচ পর্যায়ক্রমে ভারত থেকে দেশে আসবে।
আমদানিকারক প্রতিষ্ঠান মেসার্স পলাশ ইন্টারন্যাশনাল এর স্বত্বাধিকারী আমিনুল ইসলাম পলাশ বলেন, দেশের বাজারে কাঁচামরিচের দাম অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় সরকার দ্রুত আমদানির অনুমতি দিয়েছে। আজ প্রথম চালান এসেছে। বর্তমানে বাজারে প্রতি কেজি কাঁচামরিচ প্রায় ৩০০ টাকায় বিক্রি হচ্ছে। আমদানি ধারাবাহিকভাবে চলতে থাকলে সরবরাহ বাড়বে এবং খুব শিগগিরই দাম ১০০ টাকার নিচে নেমে আসতে পারে।
হিলি কাস্টমসের সহকারী কমিশনার খন্দকার সোলায়মান বলেন, কাঁচামরিচ একটি দ্রুত নষ্ট হওয়া কৃষিপণ্য। তাই আমদানিকৃত চালান যাতে কোনো ধরনের বিলম্ব ছাড়াই বাজারে পৌঁছাতে পারে, সে জন্য কাস্টমস অগ্রাধিকার ভিত্তিতে সব ধরনের আনুষ্ঠানিকতা দ্রুত সম্পন্ন করে পণ্য ছাড় করছে।
ব্যবসায়ীরা বলছেন, আমদানি অব্যাহত থাকলে বাজারে কাঁচামরিচের সরবরাহ দ্রুত বৃদ্ধি পাবে। এতে অস্বাভাবিক মূল্যবৃদ্ধির চাপ কমবে, বাজারে স্থিতিশীলতা ফিরবে এবং ভোক্তারাও স্বস্তি পাবেন।

