ডার্ক মোড
Wednesday, 08 July 2026
ePaper   
Logo
দক্ষ জনশক্তি গড়ে তুললেই বাড়বে কর্মসংস্থান: মন্ত্রী আরিফ

দক্ষ জনশক্তি গড়ে তুললেই বাড়বে কর্মসংস্থান: মন্ত্রী আরিফ

সিলেট প্রতিনিধি 

দক্ষ জনশক্তি গড়ে তুললে কর্মসংস্থান বাড়বে বলে মন্তব্য করেছেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।

সরকার দেশের মানুষের কর্মসংস্থান সৃষ্টিতে আন্তরিকভাবে কাজ করছে উল্লেখ করে তিনি বলেন, দক্ষ জনশক্তি তৈরি করে মধ্যপ্রাচ্য, ইউরোপসহ বিশ্বের বিভিন্ন দেশে প্রেরণের মাধ্যমে নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে।

 

 

সোমবার (১৩ এপ্রিল) গোয়াইনঘাট উপজেলার ১২নং সদর ইউনিয়নের গহড়া গ্রামে এক কিলোমিটার আরসিসি সড়কের নির্মাণকাজের উদ্বোধন শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

আরিফুল হক চৌধুরী বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় দেশের মানব সম্পদকে দক্ষ জনশক্তিতে রূপান্তরের লক্ষ্যে বিভিন্ন কার্যকর উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

 
সিলেটসহ দেশের বিভিন্ন অঞ্চলে শিক্ষিত বেকারদের জন্য ভাষা শিক্ষা, কারিগরি ও বিষয়ভিত্তিক প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে।

 

কোম্পানিগঞ্জ এর হাইটেক পার্কে একটি আধুনিক প্রশিক্ষণ কমপ্লেক্স গড়ে তোলা হবে, যা দ্রুত দক্ষ জনশক্তি তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, বলে জানান তিনি।

 

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে রাধানগর বাজার জিসি সড়ক থেকে গহড়া দোয়ারিখেল গ্রাম পর্যন্ত প্রায় ২ কোটি ৯ লাখ টাকা ব্যয়ে বন্যা ও দুর্যোগসহনীয় সাবমারসিবল আরসিসি সড়ক নির্মাণ করা হচ্ছে।

এসময় উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির উপদেষ্টা ও সাবেক চেয়ারম্যান লুৎফুল হক খোকন, উপজেলা নির্বাহী কর্মকর্তা রতন কুমার অধিকারী, উপজেলা বিএনপির সভাপতি মাহবুব আলম, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব আহমেদসহ স্থানীয় নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিরা।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন