ডার্ক মোড
Monday, 13 July 2026
ePaper   
Logo
দক্ষিণাঞ্চলে প্রধানমন্ত্রীর প্রথম সফর ঘিরে মহাসড়কে জনতার ঢল, উৎসবমুখর অভ্যর্থনা

দক্ষিণাঞ্চলে প্রধানমন্ত্রীর প্রথম সফর ঘিরে মহাসড়কে জনতার ঢল, উৎসবমুখর অভ্যর্থনা

মীর ইমরান, মাদারীপুর

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের বরিশাল জেলা সফরকে ঘিরে সোমবার (১৩ জুলাই) ঢাকা-বরিশাল মহাসড়কজুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর দক্ষিণাঞ্চলে এটিই তাঁর প্রথম আনুষ্ঠানিক সফর হওয়ায় ভোর থেকেই মহাসড়কের দুই পাশে বিপুলসংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়। ঢাকা থেকে সড়কপথে ঐতিহাসিক পদ্মা সেতু হয়ে বরিশালের উদ্দেশে রওনা দিলে শরীয়তপুর, মাদারীপুর, ফরিদপুরসহ বিভিন্ন জেলার গুরুত্বপূর্ণ পয়েন্টে তাঁকে বর্ণাঢ্য শুভেচ্ছা ও স্বাগত জানানো হয়।
উন্নয়ন ও মানবিক কর্মসূচিতে অংশগ্রহণ
নির্ধারিত সফরসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী তারেক রহমান সকাল ১০টা ৩০ মিনিটে বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নের নবখননকৃত সরিকল-বাটাজোর খালের পাশে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন এবং পরিবেশ সংরক্ষণে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান। পরে সকাল ১০টা ৪০ মিনিটে একই এলাকায় সরকারের বিশেষ খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় দুস্থ ও প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন।
এছাড়া দুপুর ১২টা ৩০ মিনিটে বরিশাল সিটি করপোরেশনের ত্রিশ গোডাউন বধ্যভূমি সংলগ্ন সাগরদী খালের পাশে আরেকটি বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেওয়ার পাশাপাশি বিকেল ৩টায় বরিশাল শিল্পকলা একাডেমিতে আয়োজিত বিএনপির বিভাগীয় সাংগঠনিক সভায় প্রধান অতিথি হিসেবে দিকনির্দেশনামূলক বক্তব্য দেওয়ার কথা রয়েছে তাঁর।
মহাসড়কজুড়ে উৎসবের আমেজ
ঢাকা থেকে বরিশাল যাওয়ার পথে পদ্মা সেতু, শরীয়তপুরের পদ্মা দক্ষিণ থানা এলাকা, মাদারীপুরের শিবচরের পাচ্চর, ফরিদপুরের ভাঙ্গা মোড়, রাজৈর, সদর উপজেলার মুস্তফাপুর, কালকিনি ও ভুরঘাটাসহ বিভিন্ন এলাকায় সড়কের দুই পাশে বিপুলসংখ্যক মানুষ অবস্থান নেন। নেতাকর্মীদের হাতে ছিল তারেক রহমানের ছবি সংবলিত প্ল্যাকার্ড, দলীয় পতাকা এবং নানা রঙের ব্যানার। ‘স্বাগতম’ ও ‘শুভেচ্ছা’ স্লোগান, ব্যান্ড পার্টি, ঢোলবাদন ও করতালিতে পুরো মহাসড়কজুড়ে উৎসবের আবহ তৈরি হয়। প্রধানমন্ত্রীও গাড়ি থেকে হাত নেড়ে এবং হাত জোড় করে উপস্থিত জনতার শুভেচ্ছার জবাব দেন।
মাদারীপুরে ব্যাপক শোডাউন
প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে মাদারীপুর জেলা ও শিবচর উপজেলা বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনগুলো ব্যাপক শোডাউন করে।
জেলা সদরের প্রবেশমুখে সংরক্ষিত নারী সংসদ সদস্য হেলেন জেরিন খান, জেলা বিএনপির সহ-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জামিলুর রহমান মিঠু, জেলা যুবদলের সভাপতি মোফাজ্জল হোসেন মুফা, সাধারণ সম্পাদক ফারুক হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শাহাদাত হোসেন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাসুদ পারভেজ (ভিপি)- জেলা যুবদলের সদস্য মোঃ মোশারফ হোসেন সহ বিএনপি, যুবদল, ছাত্রদল ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান।
অন্যদিকে শিবচরের পাচ্চর এলাকায় উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক কামাল জামান নূর উদ্দিন মোল্লা, বর্তমান আহ্বায়ক শাহাদাত হোসেন খান, সদস্য সচিব সোহেল রানা, পৌর বিএনপির আহ্বায়ক আবুল কালাম মল্লিক এবং সদস্য সচিব আজমল হোসেন খান সেলিমসহ স্থানীয় নেতৃবৃন্দ কয়েক হাজার নেতাকর্মী নিয়ে মহাসড়কে অবস্থান করেন।
কঠোর নিরাপত্তা ব্যবস্থা
প্রধানমন্ত্রীর সড়কপথের সফরকে কেন্দ্র করে মাদারীপুর, শরীয়তপুর, ফরিদপুর ও বরিশাল জেলা পুলিশ, হাইওয়ে পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা গুরুত্বপূর্ণ পয়েন্টে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেন। পাশাপাশি দলীয় স্বেচ্ছাসেবকরাও যান চলাচল স্বাভাবিক রাখতে দায়িত্ব পালন করেন।
নেতাকর্মীদের দাবি
স্থানীয় বিএনপি নেতাদের দাবি, পদ্মা সেতু থেকে মাদারীপুরের কালকিনির ভুরঘাটা পর্যন্ত বিভিন্ন স্থানে যে স্বতঃস্ফূর্ত গণজমায়েত ও গণঅভ্যর্থনা দেখা গেছে, তা সাম্প্রতিক সময়ের অন্যতম বৃহৎ রাজনৈতিক স্বাগত আয়োজন। দীর্ঘদিন পর প্রিয় নেতাকে সরাসরি দেখতে পেরে সাধারণ মানুষের মধ্যেও ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
দলীয় সূত্রে জানা গেছে, বরিশাল শিল্পকলা একাডেমির সাংগঠনিক সভা শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান সড়কপথে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন