বালিয়াডাঙ্গীতে টিসিবির পণ্য বিতরণে অনিয়মের অভিযোগ
উপজেলা প্রতিনিধি
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার ২ নম্বর চাড়োল ইউনিয়নে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)-এর পণ্য বিতরণে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। গত রোববার (২ আগস্ট) ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে সুবিধাভোগীদের মাঝে টিসিবির পণ্য বিতরণ করা হয়।
সুবিধাভোগীদের অভিযোগ, পণ্য বিতরণের আগে এলাকায় কোনো মাইকিং করা হয়নি এবং নির্ধারিত মূল্যতালিকার ব্যানারও টাঙানো হয়নি। ফলে অনেক কার্ডধারী পণ্য বিতরণের বিষয়টি জানতে না পেরে নির্ধারিত সময়ে উপস্থিত হতে পারেননি।
সুবিধাভোগী বাবুল ইসলাম অভিযোগ করে বলেন, চাল বাদে অন্যান্য পণ্যের মূল্য ৪৫৮ টাকা হলেও তার কাছ থেকে ৪৬০ টাকা নেওয়া হয়েছে। একইভাবে প্রতিটি সুবিধাভোগীর কাছ থেকেই ২ টাকা করে অতিরিক্ত আদায় করা হয়েছে বলে তিনি দাবি করেন।
আরেক সুবিধাভোগীর অভিযোগ, তিনি কার্ড ও টাকা জমা দিলেও পরে আর কার্ড কিংবা পণ্য কোনোটিই ফেরত পাননি। ডিলারের লোকজন জানিয়েছে, কার্ড নিয়ে কেউ চলে গেছে। এছাড়া কার্ড থাকা সত্ত্বেও পণ্য নেই বলে অনেক সুবিধাভোগীকে ফিরিয়ে দেওয়ার অভিযোগও উঠেছে।
স্থানীয় বাসিন্দা ও সুবিধাভোগী বাবলু হোসেন বলেন, ২ কেজি মসুর ডালে ২০ থেকে ৩০ গ্রাম এবং ১ কেজি চিনিতে প্রায় ২০ গ্রাম কম দেওয়া হয়েছে। অভিযোগকারী সবাই চাড়োল ইউনিয়নের বাসিন্দা।
এ বিষয়ে চাড়োল ইউনিয়ন পরিষদের সচিব হাবিবুল্লাহ বলেন, "টিসিবির পণ্য বিতরণের বিষয়ে আমাকে অবগত করা হয়েছিল। আমি মাইকিং করার কথাও বলেছিলাম।"
প্যানেল চেয়ারম্যান টুলটুল ইসলাম বলেন, "আমাকে শুধু পণ্য বিতরণের বিষয়টি জানানো হয়েছিল।"
অভিযোগের বিষয়ে জানতে মেসার্স নাফি ট্রেডার্সের মালিকের সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করে সংযোগ বিচ্ছিন্ন করে দেন। ফলে এ বিষয়ে তার বক্তব্য পাওয়া যায়নি।
বিষয়টি নিয়ে বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী কর্মকর্তা অঞ্জন কুমার দাস বলেন, "অভিযোগের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।"
এদিকে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)-এর দিনাজপুর ক্যাম্প অফিসের উপ-পরিচালক (অফিস প্রধান) মাহমুদুল হাসান বলেন, "মেসার্স নাফি ট্রেডার্সের বিরুদ্ধে পণ্য বিতরণে অনিয়মের অভিযোগের বিষয়টি জেনেছি। অভিযোগের সত্যতা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।"

