ঢাকার ডিসি ফরিদা খানমের উদ্যোগ: 'হ্যালো ডিসি' অ্যাপে অভিযোগের পর কেরানীগঞ্জের বর্জ্যের স্তূপ পরিষ্কার
স্টাফ রিপোর্টার
ঢাকার কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ের সামনে এবং সংলগ্ন খাল ব্রিজের নিচের দীর্ঘদিনের জমা বর্জ্যের স্তূপ ‘হ্যালো ডিসি’ মোবাইল অ্যাপের মাধ্যমে প্রাপ্ত এক অভিযোগের প্রেক্ষিতে পরিষ্কার করা হয়েছে।
রবিবার (১০ আগস্ট) ঢাকা জেলা প্রশাসক ফরিদা খানম অভিযোগটি পাওয়ার পর তাত্ক্ষণিকভাবে সমস্যা সমাধানের জন্য কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারকে (ইউএনও) নির্দেশনা দেন এবং এরপরই এ দ্রুত পদক্ষেপ নেওয়া হয়।
স্থানীয় বাসিন্দাদের মতে, দীর্ঘদিন ধরে কলাতিয়া বাজার ও আশপাশের এলাকার গৃহস্থালি বর্জ্য নির্বিচারে কলাতিয়া খাল ও ব্রিজের নিচে ফেলা হচ্ছিল। এর ফলে সেখানে বর্জ্যের একটি বিশাল স্তূপ তৈরি হয়, যা মারাত্মক পরিবেশ দূষণ ও দুর্গন্ধ ছড়াচ্ছিল। এর ফলে প্রতিনিয়ত শিক্ষার্থী, শিক্ষক ও পথচারীদের চরম ভোগান্তি ও স্বাস্থ্যঝুঁকির মুখোমুখি হতে হচ্ছিল।
অ্যাপের মাধ্যমে অভিযোগ পাওয়ার পরই জেলা প্রশাসনের কর্মকর্তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে স্থানটি পরিষ্কার করার নির্দেশ দেন। ফলে জমে থাকা বর্জ্য অপসারণ করে এলাকাটিকে পুনরায় পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর পরিবেশে ফিরিয়ে আনা সম্ভব হয়। দ্রুত পদক্ষেপ নেওয়ায় স্বস্তি প্রকাশ করে জেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা ও প্রশংসা ব্যক্ত করেছেন স্থানীয় বাসিন্দারা।
জেলা প্রশাসক ফরিদা খানম জানান, জনগণের দুর্ভোগ ও নানা সমস্যার দ্রুত সমাধানের লক্ষ্যেই 'হ্যালো ডিসি' প্ল্যাটফর্মটি চালু করা হয়েছে।
তিনি বলেন, জনপরিসর ও শিক্ষা প্রতিষ্ঠানের চারপাশ সবসময় পরিচ্ছন্ন রাখা উচিত। নাগরিকদের অভিযোগ দ্রুত সমাধানে প্রশাসন যেমন প্রতিশ্রুতিবদ্ধ, তেমনি স্থানীয় বাসিন্দাদেরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে এবং যেখানে-সেখানে ময়লা ফেলা বন্ধ করতে হবে।

